আন্তর্জাতিক ডেস্ক।।
অবরুদ্ধ গাজা উপত্যকায় বিস্ফোরণে চারজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে দেশটির সামরিক বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে তারা নিহত সেনাদের নামও প্রকাশ করেছে।
তারা হলেন, মেজর ওমরি চাই বেন মোসে, লেফটেনেন্ট ইরান সেলাম, লেফটেনেন্ট ইতান আভনার বেন ইজহাক এবং লেফটেনেন্ট রোন আরিলি। সেনারা ইসরায়েলের বাহাদ ১ অফিসার্স স্কুলের ডেকেল ব্যাটালিয়নের সদস্য ছিলেন। নিহতদের মধ্যে বেন মোসে ছিলেন কোম্পানি কমান্ডার। বাকি তিনজন ছিলেন ক্যাডেট। তাদের মৃত্যুর পর লেফটেন্যান্ট পদে পদোন্নতি দেওয়া হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রাফার জেনিনা এলাকায় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তখন একটি ডি৯ সাঁজোয়া বুলডোজার রাস্তা পরিষ্কার করছিল এবং এটির পেছনে দুটি গাড়ি যাচ্ছিল। এর মধ্যে একটি গাড়ি রাস্তা থেকে কিছুটা সরে গেলে একটি বিস্ফোরকের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে ওই চার সেনা নিহত এবং আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর এবং দুজনের অবস্থা স্থিতিশীল রয়েছে।
আইডিএফ জানিয়েছে, বিস্ফোরকণের পেছনে হামাস জড়িত। তবে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা এখনো নিশ্চিত নয়।











































