Home খেলাধুলা নাটকীয় ম্যাচে যোগ করা সময়ের দুই গোলে হার এড়ালো জুভেন্টাস

নাটকীয় ম্যাচে যোগ করা সময়ের দুই গোলে হার এড়ালো জুভেন্টাস

10



স্পোর্টস ডেস্ক।।
চ্যাম্পিয়নস লীগের প্রথম ম্যাচডেতেই নতুন রূপকথার জন্ম দিলো জুভেন্টাস ও বরুশিয়া ডর্টমুন্ড। গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতির পর দেখা গেল ভিন্ন দুই দলকে। ঘরের মাঠে গোলবন্যার ম্যাচে ৮৬তম মিনিটে ২-৪ গোলে পিছিয়ে পড়ে জুভেন্টাস। তবে নাটক তখনও বাকি। যোগ করা চতুর্থ ও ষষ্ঠ মিনিটে ওল্ড লেডিদের জোড়া গোলে উচ্ছ্বসে ভাসে আলিয়েঞ্জ স্টেডিয়াম। ৪-৪ গোলের ড্র দিয়ে শেষ হয় ম্যাচ। চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে বিরতির পর এত গোল দেখা যায়নি আর কোনো ম্যাচে।

ইউরোপিয়ান এ শীর্ষ প্রতিযোগিতায় ২০১৬’র পর এবারই প্রথম দুই গোলে পিছিয়ে পড়েও হার এড়াল তুরিনের বুড়িরা। চ্যাম্পিয়নস লীগ ইতিহাসে সবচেয়ে বেশি গোলে ড্র হওয়া ম্যাচের তালিকাতেও যৌথভাবে জায়গা করে নিয়েছে ম্যাচটি। এর আগে ২০০০-এ প্রথমবার এ কীর্তি গড়ে জুভেন্টাসই, হ্যামবুর্গের বিপক্ষে। এরপর ২০১৫তে লেভারকুসেন এবং ২০১৯-এ চেলসি-আয়াক্স ম্যাচও শেষ হয় ৪-৪ সমতায়। আলিয়েঞ্জ স্টেডিয়ামে বল দখল, আক্রমণে এগিয়ে থাকে স্বাগতিকরাই। ৫২ শতাংশ বল নিজেদের পায়ে রাখা জুভেন্টাস গোলের দিকে ১৯টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৭টি। আর ডর্টমুন্ডের ১০টির মধ্যে ৫টি শট থাকে লক্ষ্যে। বিরতির আগে পর্যন্ত বিবর্ণ থাকে দু’দলই। বিরতির পর মাঠে ফিরে দেখা যায় রোমাঞ্চকর এক ম্যাচ। ৫২তম মিনিটে করিম আদেইয়মির গোলে এগিয়ে যায় জার্মান জায়ান্টরা। ৬৪তম মিনিটে কেনান ইলদিজের গোলে সমতায় ফেরে ইতালিয়ান পরাশক্তিরা। ততক্ষণে যেন গোলের নেশায় পেয়ে যায় দু’দলকেই। দুই মিনিটের ব্যবধানে হয় আবারও জোড়া গোল। ৬৫তম মিনিটে ডর্টমুন্ডের হয়ে ফেলিক্স এনমেচার গোলের পর ৬৭তম মিনিটে দুসান ভ্লাহোভিচের গোলে ফের সমতা টানে জুভে। তবে ৭৪তম মিনিটে ইয়ান কৌতা ও ৮৬তম মিনিটে পেনাল্টি থেকে রামি বেনসেবাইনির গোলে ৪-২ গোলের লিডে যায় ডর্টমুন্ড। মনে হচ্ছিল এখান থেকে হয়তো ফিরে আসা এক প্রকার অসম্ভবই হয়ে যাবে জুভেন্টাসের। তবে নাটক তখনও অনেকটাই বাকি। যোগ করা সময়ে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায় তুরিনের ক্লাবটি। চতুর্থ ও ষষ্ঠ মিনিটে ভ্লাহোভিচ ও লয়েড কেলির গোলে যেন জীবন ফিরে পায় আলিয়েঞ্জ স্টেডিয়াম।

দুই বদলি খেলোয়াড়ের গোলে পূর্ণ পয়েন্ট আর্সেনালের
অ্যাটলেটিকো বিলবাওয়ের মাঠে ২-০ গোলের জয়ে নতুন আসরের শুভসূচনা করেছে আর্সেনালও। দারুণ কিছু সুযোগ তৈরির দিন প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। এর আগে একটি ধাক্কা খায় ইংলিশ জায়ান্টরা। ৩০তম মিনিটের দিকে হেডের চেষ্টায় সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান ভিক্টর ইয়োকেরেস। সুইডিশ ফরোয়ার্ডের মাথা থেকে রক্ত ঝড়তেও দেখা যায়। চিকিৎসা নিয়ে মাথায় ব্যান্ডেজ বেঁধে খেলা চালিয়ে যান তিনি। ৬৫তম মিনিটে ইয়োকেরেসের বদলি হিসেবে আসেন লিওনার্ডো ট্রোসার্ড। আর ৭১তম মিনিটে এবেরেচি এজের বদলি হিসেবে নামেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। মাঠে এসে প্রথম মিনিটের মধ্যেই আর্সেনালকে লিড এনে দেন মার্টিনেল্লি। আর ৮৭তম মিনিটে শেষ গোলটি করেন ট্রোসার্ড।