Home খেলাধুলা বিশ্ব অ্যাথলেটিকসে হতাশ করলেন বাংলাদেশের নাজিমুল

বিশ্ব অ্যাথলেটিকসে হতাশ করলেন বাংলাদেশের নাজিমুল

10


স্পোর্টস ডেস্ক।।

বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম পুরুষ প্রতিনিধি হিসেবে ইতিহাস গড়লেও পারফরম্যান্সে হতাশ করেছেন সেনাবাহিনীর অ্যাথলেট নাজিমুল হোসেন। আজ জাপানের টোকিওতে অনুষ্ঠিত ছেলেদের ৪০০ মিটার হার্ডলস ইভেন্টে তিনি নিজের হিটে ৯ জনের মধ্যে হয়েছেন ৯ম।

নাজিমুলের টাইমিং ছিল ৫২.৪৭ সেকেন্ড, যা তার ব্যক্তিগত সেরা সময় থেকে অনেক পিছিয়ে। যেখানে হিটে প্রথম হয়েছেন নাইজেরিয়ার এজেকিয়েল নাথানিয়েল, সময় ৪৮.৩৭ সেকেন্ড। পুরো ইভেন্টে অংশ নিয়েছিলেন ৪৪ জন অ্যাথলেট, সেখানে ৪২তম হয়েছেন নাজিমুল।

অথচ ঠিক এক মাস আগেই সামার অ্যাথলেটিকসে ৫২.৩০ সেকেন্ডে সোনা জিতেছিলেন এই হার্ডলার। আর চলতি বছরের ফেব্রুয়ারিতে ৪৮তম জাতীয় অ্যাথলেটিকসে ৫০.৮৪ সেকেন্ড টাইমিংয়ে ৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন নজির গড়েন তিনি।

এই নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তৃতীয়বারের মতো দেশের প্রতিনিধিত্ব করলেন নাজিমুল। এর আগে ২০২৩ সালের জুনে মালয়েশিয়ান ওপেন চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন, সময় ছিল ৫৪.১৬ সেকেন্ড।

২০২৪ সালের মে মাসে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ২৬তম এশিয়ান অ্যাথলেটিকসে তার টাইমিং ছিল ৫২.৩৬ সেকেন্ড।

২০২২ সালে প্রথমবারের মতো জাতীয় অ্যাথলেটিকসে অংশ নেন নাজিমুল, যার অ্যাথলেটিক ক্যারিয়ারের সূচনা হয়েছিল ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের পর। প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপেই ৪০০ মিটার স্প্রিন্টে সোনা জেতেন তিনি। এরপর থেকে ৪০০ মিটার হার্ডলসে পরপর তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন।

বিশ্ব অ্যাথলেটিকসে এর আগে ২০২৩ সালে বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন ইমরানুর রহমান। হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় তিনি ১০০ মিটারে হিটে প্রথম হন, যদিও দ্বিতীয় রাউন্ডে ১০.৪১ সেকেন্ড টাইমিং করেও সেমিফাইনালে উঠতে পারেননি।

টোকিওতে চলমান বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে ১৩ সেপ্টেম্বর, শেষ হবে ২১ সেপ্টেম্বর। বিশ্বের ২০০টি দেশ থেকে ২ হাজারের বেশি অ্যাথলেট অংশ নিচ্ছেন ৪৯টি ইভেন্টে।

বাংলাদেশের অ্যাথলেটিক্সে আন্তর্জাতিক অভিজ্ঞতার পরিধি বাড়লেও, পারফরম্যান্সের মানে উন্নতি এখনো সময়ের দাবি হয়ে থাকল।