স্পোর্টস ডেস্ক।।
মঞ্চ প্রস্তুত, লড়াইয়ের জন্য তৈরি ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা। তবে বিশেষ নজর থাকবে কয়েকটি লড়াইয়ে। যাদের পারফরম্যান্সের ওপর নির্ভর করতে পারে ম্যাচের ভাগ্য। ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে থাকবে ফখর জামানের সাহসী ব্যাটিং বনাম জাসপ্রিত বুমরাহর আগুনে পেস, আবরার আহমেদের জাদুকরী স্পিন বনাম শুভমান গিলের স্বচ্ছ ব্যাটিং কিংবা তরুণ সুফিয়ান মুকিমের নিয়ন্ত্রিত বল বনাম অভিষেক শর্মার বিস্ফোরক ব্যাটিং দেখার জন্য।
সুফিয়ানের দাপট বনাম অভিষেকের শাপমোচন
পাকিস্তান ও ভারতের এই দুই ক্রিকেটারের মধ্যে প্রথম দেখা হয় ২০২৩ সালের ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে। যেখানে পাকিস্তানের বিশাল ৩৫৩ রানের লক্ষ্য তাড়া করে ভারত। ৬১ রান করার পর সুফিয়ান অভিষেককে আউট করেন। ম্যাচে পরে হারে ভারত। এক বছর পর এসিসি ইমার্জিং এশিয়া টি-টোয়েন্টি কাপে আবারও অভিষেককে আউট করেন সুফিয়ান। পরে তাদের মধ্যে বাক-বিতণ্ডাও হয়। যদিও পরে ভারত সেই ম্যাচে জেতে। এসব ঘটনাপ্রবাহের পর দুই দেশের ভক্তদের নজরেই থাকবেন এই দুজন।
ফখর জামানের সহজাত ব্যাটিং বা বুমরাহর আগুন
২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল। জাসপ্রিত বুমরাহর নো বলের পর শিরোপা জেতে পাকিস্তান। অসাধারণ সেঞ্চুরি করে নায়ক ফখর। সেই ম্যাচের পর থেকে এই দুজনের লড়াই যেন একটা আলাদা রূপ পায়। দর্শকদের নজর তাই থাকবে এই দুজনের দিকেও।
আবরার আহমেদের জাদু নাকি শুভমান গিলের দৃঢ়তা
২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি দুর্দান্ত এক স্পিনে শুভমান গিলকে আউট করে আবরার আহমেদের সেই উদযাপন প্রায় সব ক্রিকেটপ্রেমীরই মনে থাকার কথা। যদিও সেই ম্যাচে পাকিস্তানই হার দেখে। এই ম্যাচেও পাকিস্তানপ্রেমীরা দেখতে চাইবে আবরারের জাদু। তবে গিলও তার সহজাত দৃঢ়তা ধরে রাখবেন বলে মনে করেন ভারতপ্রেমীরা।
হারিস রউফের গতি বনাম মাস্টারক্লাস সূর্যকুমার
পাকিস্তানের গতিময় পেসার হারিস রউফ এবং ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের মুখোমুখি লড়াইয়েও নজর থাকবে দর্শকদের। এই দুজনের লড়াইয়ে ইতিহাস কথা বলছে রউফের পক্ষেই। এরই মধ্যে টি-টোয়েন্টিতে দুইবার সূর্যকুমারকে আউট করেছেন হারিস। পাকিস্তানের বিপক্ষে সূর্যকুমারের অতীত ইতিহাসও সুখকর নয়। মাত্র ১১৮.৫১ স্ট্রাইকরেটে ৫ ম্যাচে মাত্র ৬৪ রান করেছেন তিনি। নিশ্চয়ই বদলা নেওয়ার পরিকল্পনা আছে তার মাথায়।











































