স্পোর্টস ডেস্ক।।
১৭ই আগস্ট, ২০০৫। দুই দশক আগে কিশোর প্রতিভা হিসেবে অভিষেক। সময়ের ব্যবধানে সেই ফুটবলার এখন ক্যারিয়ারের গোধূলিলগ্নে। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার ফুটবলে অবিচ্ছেদ্য এক নাম। ২০০৫ সালে বুদাপেস্টের ফেরেঙ্ক পুসকাস স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে হাঙ্গেরির মুখোমুখি হয় আর্জেন্টিনা। ৬৪তম মিনিটে নিজের অভিষেক ম্যাচে মাঠে নামেন মেসি। কিন্তু পরের মিনিটেই ফাউল করে দেখেন লাল কার্ড! এমন দুঃস্বপ্নের অভিষেকের পর আর্জেন্টিনার জার্সিতে মেসি আবার লাল কার্ড দেখেছেন প্রায় দেড় যুগ পর। এরপর তো আর্জেন্টিনাকে কোপা আমেরিকা, বিশ্বকাপ সবই জেতালেন। আর ক্যারিয়ারের বিদায়লগ্নে এখন মেসিকে খেলতে হয় বেছে বেছে। ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সর্বাধিক পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা। তবে বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। ওই ম্যাচে ছিলেন না মেসি। আসলে মেসি না থাকলে আর্জেন্টিনা কেমন খেলে! দেখা যাক পরিসংখ্যান কী বলছে। দুই দশকের বেশি আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসিকে অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। অনেক ম্যাচ মিসও করেছেন। তার অনুপস্থিতিতে অন্যরাও পরেছেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি। আর্জেন্টিনার বিখ্যাত ক্রীড়া সাময়িকী এল গ্রাফিকো এবং ফুটবলের দলবদল, বাজারমূল্য ও পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, মেসির অভিষেক থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনা খেলেছে ২৬৪ ম্যাচ। এর মধ্যে মেসি খেলেছেন ১৯৪ ম্যাচ। বাকি ৭০টিতে তাকে পায়নি দল। সেই ৭০ ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৪৩টিতে, হেরেছে ১৪টিতে, আর ড্র করেছে ১৩ ম্যাচ। মানে, মেসিকে ছাড়া আর্জেন্টিনার পরাজয়ের হার মাত্র ২০ শতাংশ। প্রতিযোগিতামূলক ম্যাচ হিসাব করলে ২২টিতে খেলেননি মেসি। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ১২টিতে, ড্র ও হার ৫টি করে। এখানেও পরাজয়ের হার খুব বেশি নয়, ২২.৭৩ শতাংশ। মেসি সবচেয়ে বেশি মিস করেছেন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, ৪৮টি। বিশ্বকাপ বাছাইপর্বের ১৮টি, আর বিশ্বকাপ ও কোপা আমেরিকার ২টি করে ম্যাচে তাকে পায়নি আর্জেন্টিনা। মেসির অভিষেকের পর এখন পর্যন্ত ১০জন কোচ কোচিং করিয়েছে আর্জেন্টিনাকে। মেসি এর মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ মিস করেছেন বর্তমান কোচ স্কালোনির অধীনে, ২১টি। দ্বিতীয় সর্বোচ্চ ৯টি করে ম্যাচে মাঠে নামা হয়নি জেরার্দো টাটা মার্টিনো ও আলোহান্দ্রো সাবেয়ার সময়ে। স্কালোনির অনুপস্থিতিতে সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল ২টি ম্যাচে আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়িয়েছিলেন। সেই ২ ম্যাচে মেসি ছিলেন না। এ কারণেই হয়তো স্কালোনি বলেছিলেন, ‘আর্জেন্টিনা এখন মেসিকে ছাড়া খেলতে শিখে গেছে। আমরা আর মেসিনির্ভর দল নই।’ ক্যারিয়ারের শুরুর দিকে অবশ্য কয়েকটি ম্যাচে মেসিকে বেঞ্চ গরম করতে হয়েছে। তবে তারকাখ্যাতি পাওয়ার পর থেকে তিনি বেশিরভাগ ম্যাচ খেলতে পারেননি চোট ও বিশ্রামের কারণে। কিছু ম্যাচে নিষেধাজ্ঞার কারণেও খেলতে পারেননি। আবার কিছু ম্যাচে তরুণদের পরখ করতে কোচ তাকে স্কোয়াডে রাখার প্রয়োজন মনে করেননি। আর এখন তো চোট আর ক্লান্তি নিত্যদিনের সঙ্গী।
মেসির অনুপস্থিতিতে ১৭জন পরেছেন আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি। এই তালিকায় সর্বশেষ নাম ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। কাল ইকুয়েডরের বিপক্ষে থিয়াগো আলমাদার ১০ নম্বর জার্সি পরে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পেয়েছেন আর্জেন্টিনার এই নতুন তরুণ সেনসেশান। আবার মেসি খেলেননি এমন ২৮টি ম্যাচে ১০ নম্বর জার্সি কাউকে দেওয়া হয়নি। তার অনুপস্থিতিতে সবচেয়ে বেশি ৭ বার জার্সিটা পরেছেন বন্ধুপ্রতিম সতীর্থ সার্জিও আগুয়েরো। দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার পরেছেন আনহেল কোরোয়া। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ১৫৯ বার ১০ নম্বর জার্সি পরে খেলতে নামার রেকর্ডটা মেসিরই। প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা পরেছেন ৮৫ বার। এ ছাড়া আরিয়েল ওর্তেগা ৫৯ বার ও হুয়ান রোমান রিকেলমে ২৯ বার আইকনিক এই জার্সি পরে দেশের হয়ে খেলেছেন। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১৯৪ ম্যাচ খেলা ও ১১২ গোল করার দুটো রেকর্ড মেসির দখলেই।











































