স্টাফ রিপোর্টার
নগরীর খানজাহান আলী থানার ইস্টার্ন গেট এলাকার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার গ্রাহকদের আমানতকৃত প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় ম্যানেজার ইনচার্জ কাগজী মাহাবুবুর রহমান (৩০)কে ঢাকার মোহাম্মদপুর থেকে পুলিশ গ্রেপ্তার করেছে। অবশেষে মামলার এজাহার ভুক্ত দুইজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো: কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এসআই ইশতিয়াক আহমেদ জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামি কাগজি মাহবুবুর রহমানের অবস্থান নিশ্চিত করা হয়। তবে তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান ত্যাগ করায় তার সঠিক অবস্থান বেশ কিছুদিন যাবত জানতে খুব কষ্ট হয়। একপর্যায়ে গতকাল রাতে মোহাম্মদপুরে তার অবস্থান নিশ্চিত করা হয়। এ সময় মোহাম্মদপুর থানা পুলিশের সহযোগিতা নেয়া হয়। তাদের সহযোগিতায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে এস আই ইশতিয়াক আহমেদের নেতৃত্বে পুলিশের একটি টিম মাহাবুবুর রহমানকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, আটক মাহবুবুর রহমান শিরোমনির এলাকার আব্দুল আজিজ কাগজির ছেলে। চলতি বছরের জুলাই মাসে ৬০জন গ্রাহকের আমানতকৃত ১ কোটি ৪৯ লাখ টাকা আত্মসাত করে তিনি ঢাকায় পালিয়ে যান।
জানাগেছে, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে মেসার্স হাজারী এন্টারপ্রাইজের নামে এ এইচ এম শফিউল্লাহ ইসলামী ব্যাংকের খুলনার ইস্টার্ন গেট এলাকায় এজেন্ট ব্যাংকিং শুরু করেন। এজেন্ট ব্যাংকটির কার্যক্রম পরিচালনা করতেন শফিউল্লাহের ছেলে সাইফুল্লাহ হাজেরী। ব্যাংকিয়ের শুরু থেকে কাগজী মাহাবুবুর রহমান ছিলেন ম্যানেজার। ক্যাশ ইনচার্জকাম মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন মনিরুল গাজী। তারা সকলেই জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা।
স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল গাজী জামায়াতে ইসলামী যুব ইউনিটের মশিয়ালীর ১ নং ওয়ার্ডের নেতা। কাগজী মাহাবুবুর রহমান জামায়াতে ইসলামীর ছাত্র শিবিরের শিরোমনি ইউনিটের সভাপতি। ব্যাংকটির এজেন্ট ফুলতলা শাখার রোকন ও হাজারী এন্টারপ্রাইজের মালিক শফিউল্লাহ হাজারী। এজেন্ট ব্যাংকটির দেখাশোনার দ্বায়িত্ব ছিলেন তার পুত্র সাইফুল্লাহ হাজারী। জামায়াতে ইসলামী খানজাহান আলী থানার আমির হাসান মাহামুদ টিটোর নিজস্ব ভবনে এই এজেন্ট ব্যাংকিং এর কার্যক্রম পরিচালিত হচ্ছে। চলতি বছরের ৭ জুলাই থেকে এজেন্ট ব্যাংকের গ্রাহকরা ব্যাংকে গিয়ে তাদের একাউন্টে টাকা জমায় গড়মিল দেখতে পান। এরপর থেকে কাগজী মাহাবুবুর রহমান ও মনিরুল গাজী পালিয়ে যান। পরদিন ৮ জুলাই ব্যাংক এজেন্ট এ এইচ এম শফিউল্লাহ বাদী হয়ে মাহাবুবুর ও মনিরুলকে আসামী করে অর্থ আত্মাসাতের ঘটনায় খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৮, তারিখ ২৭/ ৭/ ২৫, ধারা ৪০৬ ও ৪২০ প্যানাল কোড।
এছাড়া ঘটনার পর ব্যাংকটির গ্রাহক, স্থানীয় বিএনপি, জামায়াত নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।
এ ঘটনার পর পরই মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইসতিয়াক আহমেদ বিভিন্ন সোর্স ও তথ্য প্রযুক্তির মাধ্যমে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা থেকে মামলার এক নম্বর আসামি মনিরুল গাজীকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, গত মাসে গ্রেপ্তার হওয়া মনিরুল গাজী উল্লেখযোগ্য তথ্য দিয়েছে। তার দেয়া তথ্য যাচাই-বাছাই করে মামলার অন্যতম হোতা এজেন্ট ব্যাংকিং শাখার ম্যানেজার কাগজি মাহবুবুর রহমানকে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে ম্যানেজার কাগজি মাহবুবুর রহমান ঢাকার উত্তরা এলাকায় একটি বেসরকারি সংস্থায় চাকরি নেন। তিনি প্রায় সময় মোহাম্মদপুর এলাকায় আসতেন বলে তথ্যপ্রযুক্তি মাধ্যমে জানাযায়। মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সকালে অবশেষে তাকে খানজাহান আলী থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ইশতিয়াক আহমেদ জানান, অর্থ আত্মসাতের পর থেকে মাহাবুবুর রহমান ও মনিরুল গাজী আত্মগোপনে যান। মনিরুল গাজী ও মাহাবুবুর রহমান খুবই সুচতুর। তারা দু’জনই ইতিমধ্যে বিভিন্ন সময় বিভিন্ন স্হান পরিবর্তন করে। তাদের অবস্থান শনাক্তে পুলিশকে খুব বেগ পেতে হয়। অবশেষে মামলার এজাহার ভুক্ত দুই নম্বর আসামী কাগজি মাহাবুবকে মামলার তদন্ত কর্মকর্তা এস আই ইশতিয়াক আহমেদ গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, মাহাবুবকে গ্রেপ্তারে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় মাহাবুবুর রহমানকে সকাল ১০টায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা থেকে খুলনার খানজাহান আলী থানায় রাত ১১ টায় পৌঁছায়। রাতে তাকে জিজ্ঞাসবাদ করা হবে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।











































