Home Lead বন্ধ শিল্পকারখানা, খুলনাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ কমছে, বাড়ছে বেকারত্ব

বন্ধ শিল্পকারখানা, খুলনাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ কমছে, বাড়ছে বেকারত্ব

21


সৈয়দ রানা কবীর
শিল্প নগরীখ্যাত খুলনা ক্রমেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে। একের পর এক খুলনার দুটি শিল্পাঞ্চল খালিশপুর ও আটরার শিল্প প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে কর্মহীন হয়েছে হাজার হাজার শ্রমিক- কর্মচারী। দীর্ঘ ১০ বছর ধরে কর্মহীন এসব মানুষের ক্ষোভ বাড়ছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় বন্ধ রয়েছে খুলনার নিউজপ্রিন্ট মিল, টেক্সটাইল মিলসহ বহু শিল্প প্রতিষ্ঠান। ছয় বছর আগে এর সঙ্গে যুক্ত হয় আরো ৯টি রাষ্ট্রায়াত্ব পাটকল। তবে এরমধ্যে ৪টি ইজারার মাধ্যমে কোন রকম চালু হলেও তা চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বর্তমানে এতে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ৩০ হাজার শ্রমিক। এছাড়া বেসরকারি বা ব্যক্তি মালিকানায় থাকায় শিল্প প্রতিষ্ঠানের অবস্থাও ভাল নয়। ফলে খুলনা অঞ্চলে দিন দিন মানুষের কর্মসংস্থানের সুযোগ কমছে।
খালিশপুর বন্ধ ক্রিসেন্ট মিলের সাবেক শ্রমিক আ: হক মিয়া বলেন, এক সময় মিলে কাজ করে ভালোই ছিলাম। পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করেছি। এখন কোনদিন দিনমজুরি করি , আবার কোনদিন তাও পাই না। অন্য কোন জায়গায় কাজও জোটে না।
ক্রিসেন্ট জুট মিলের আর এক শ্রমিক রহিমা আক্তার অভিযোগের সুরে জানান, খালিশপুরের এই মিল গুলো বাদে খুলনায় আর কোনো ইন্ডাস্ট্রি নেই। খালিশপুরে এই মিল গুলো একে একে হাসিনা সরকার সব বন্ধ করে দিয়েছে। তাই এখন আর অন্য কোথাও কোন কাজও পাচ্ছি না। এখন সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে।
খালিশপুর জুড়ে ছিল শত শত ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে সেই ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ রয়েছে প্রায় ছয় বছর যাবত। আর এই ব্যবসায়ীদের এক এক জনের পরিবারে রয়েছে কমপক্ষে পাঁচ থেকে ছয় জনের সদস্য। বর্তমানে এই সকল ব্যবসায়ীরা একদম বেকার হয়ে তাদের পরিবার পরিজন নিয়ে নিদারুণ কষ্টে দিনযাপন করছেন। কখনো কখনো দিনমজুরের কাজ পায় আবার অনেক দিন কোন কাজ না পেয়ে খুবই কষ্টে দিনযাপন করছেন বলে অভিযোগের সুরে তারা জানান। তাদের ক্ষোভ গত এক বছর পার হলেও এই সরকার দেশের বন্ধ কলকারখানা গুলো চালুর কোন বিন্দুমাত্র উদ্যোগ গ্রহণ না করায় শিল্পাঞ্চলের শ্রমিকদের মাঝে এখন ক্ষোভ বিরাজ করছে। তারা বলেন, যে দেশের সরকার সম্ভাবনাময় শিল্প কলকারখানা চালুর উদ্দোগ গ্রহন করে না, তারা সাধারণ শ্রমিকের কষ্ট বুঝতে পারেনা তারা দেশ পরিচালনার জন্য উপযুক্ত নয়। তারা শুধু তাদের ভোগ বিলাসিতার জন্য সরকারের মসনদে আসীন রয়েছে। তাই খালিশপুর ও আটরা শিল্পাঞ্চলের একাধিক শ্রমিক দ্রুত একটি নির্বাচিত সরকারের জন্য অধির আগ্রহে রয়েছেন। যাতে করে এ সকল বন্ধ কলকারখানাগুলো আবারো সচল করে তাদের কর্মসংস্হানের সুযোগ সৃষ্টি হয়। তারা যাতে তাদের পরিবার পরিজন নিয়ে আবারো পূর্বের ন্যায় শান্তিতে বসবাস করতে পারে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে খালিশপুর ও আটরা শিল্পাঞ্চলের ছোট বড় মিলিয়ে প্রায় ছয় শতাধিক দোকানপাট দীর্ঘ কয়েক বছর যাবত বন্ধ রয়েছে। এই বিশাল সংখ্যক ব্যবসায়ীদের পরিবারের প্রায় সাড় তিন থেকে চার হাজার পরিবারও এখন চরম মানবেতর জীবনযাপন করছেন।
এদিকে খালিশপুর হাউজিং এলাকার সদ্য বিএ পাস করা এক শিক্ষার্থী মাসুদুর রহমান বলেন, খুলনায় কোনো কর্মসংস্থান না থাকায় পাশ করেও এখন বসে থাকতে হচ্ছে। চাকরির জন্য ঢাকাসহ অন্যত্র যেতে হয়। কিন্তু অর্থাভাবে তাও নিয়মিত যেতে পারিনা। কোথাও কোন চাকরির দরখাস্ত করলে অর্থের অভাবে আবার সময়মত ইন্টারভিউতে যেতে পারিনা। ফলে কোন কাজও পাচ্ছি না। খুলনায় কোন কর্মসংস্হানের ব্যবস্থা থাকলে এই দুর্ভোগ আর পোহাতে হতো না। যাও কয়েকটি জুট মিল ছিলো তাও আবার দীর্ঘ ছয় বছর যাবত বন্ধ রয়েছে।
এ ছাড়া গত দেড় দশক ধরে খুলনা অঞ্চলে নতুন কোন শিল্প কলকারখানা বা শিল্পবান্ধব কোন প্রতিষ্ঠান গড়ে না ওঠায় খুলনায় কর্মসংস্থান এখন প্রকট আকার ধারণ করেছে।
অর্থনৈতিক গতিশীলতা ফেরাতে কর্মসংস্থানের বিকল্প নেই বলে মত দিয়েছেন বিশেষজ্ঞ ও নাগরিক নেতারা।
এদিকে পরিসংখ্যান ব্যুরোর একটি সুত্রের তথ্যানুযায়ী জানাযায়, খুলনায় বর্তমানে কর্মসংস্থান আছে ৪২ শতাংশ মানুষের।
খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব ও আইনজীবী মো: বাবুল হাওলাদার বলেন, ‘কর্মসংস্থান সৃষ্টির জন্য অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এজন্য সরকারকেই এগিয়ে আসতে হবে। বিনিয়োগ আকৃষ্ট করতে ইন্ডাস্ট্রি গড়ার জন্য বড় আকারের জায়গা প্রয়োজন, যেখানে একসাথে অনেক প্রতিষ্ঠান থাকতে পারে। বিশেষ করে দ্রুত খুলনায় গ্যাস সরবরাহও সহজ করতে হবে। এজন্য স্থানীয় রাজনৈতিক নেতা, সরকারের সকল দপ্তরকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। কিন্তু খুলনা অঞ্চলে কিছু উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হলেও বছরের পর বছর তা আর আলোর মুখ দেখেনি।’
ক্ষোভ প্রকাশ করে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান বলেন, খুলনা শিল্পাঞ্চলের বন্ধ কলকারখানা গুলো সচল করতে সাবেক সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও তার কোনো দৃশ্যমান কিছু হয়নি। এর ফলে কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রগতি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে প্রকল্পগুলো চালু না হলে এ অঞ্চলের অর্থনীতি আরও ভেঙে পড়বে । ইতিমধ্যে দুটি শিল্পাঞ্চলের অধিকাংশ মানুষই খুলনা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। বাকি মানুষও আস্তে আস্তে এই শহর ছাড়তে বাধ্য হবে।
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, অগ্রাধিকার ভিত্তিতে বন্ধ কলকারখানাসহ অন্য সকল প্রকল্পগুলো আবারো এগিয়ে নিতে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। দ্রুত বাস্তবায়ন করে এ অঞ্চলের অর্থনীতিতে আবারে নতুন গতি আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।