Home আঞ্চলিক গরু ধান খাওয়ায় দ্বন্দ্বে প্রতিপক্ষের কিল-ঘুষিতে নারী নিহত

গরু ধান খাওয়ায় দ্বন্দ্বে প্রতিপক্ষের কিল-ঘুষিতে নারী নিহত

22

স্টাফ রিপোর্টার।।


খুলনার দাকোপে গরু ধান খাওয়ায় দ্বন্দ্বে প্রতিপক্ষের কিল-ঘুষিতে রেখা রানী মণ্ডল (৪২) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (০৮ সেপ্টেম্বর) উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে রেখা রানী মণ্ডলের গরুর বাছুর স্থানীয় মিলন গোলদারের ধানক্ষেতে ঢুকে ধান খাচ্ছিল। এ সময় রেখা রানী তার গরুর বাছুর তাড়াতে গিয়ে মিলন গোলদারের সঙ্গে কথা কাটাকাটি হয়। তখন মিলন গোলদার রেখা রানীকে কিল-ঘুষি মারেন।

পরে তার স্বামী বিষ্ণুপদ মণ্ডল ঘটনাস্থলে এসে দেখেন তার স্ত্রীর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং মৃত অবস্থায় পড়ে আছেন। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

এ বিষয়ে দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ওই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।