স্টাফ রিপোর্টার।।
দীর্ঘদিন ধরে খানা-খন্দে ভরা ও দুর্ঘটনাপ্রবণ খুলনা-সাতক্ষীরা মহাসড়কে অবশেষে সংস্কার ও ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে। গত সপ্তাহে খুলনার জিরো পয়েন্ট এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
এ দিকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ সড়কটির কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এ সড়কটি যাতায়াত করা যাত্রী ও চালকরা। দ্রুত কাজটি শেষ করার দাবিও জানিয়েছেন তারা।
জানা যায়, প্রথম পর্যায়ে জিরো পয়েন্টে ১ দশমিক ১ কিলোমিটার এবং চুকনগরে ১ দশমিক ২ কিলোমিটার সড়কে আরসিসি কংক্রিট ঢালাইয়ের কাজ হচ্ছে। এ ছাড়া আরও চারটি গুরুত্বপূর্ণ স্থানে কংক্রিট সড়ক করার প্রস্তাব রয়েছে। প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২৭ কোটি টাকা, যা এক বছর তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।
দীর্ঘদিন ধরে মহাসড়কের বেহাল দশায় প্রতিদিনই ঘটছিল ছোট-বড় দুর্ঘটনা। ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের তথ্যমতে, চলতি বছরের প্রথম আট মাসে শুধু এ মহাসড়কে ৩৬টি দুর্ঘটনায় প্রাণ হারান ১৬ জন, আহত হন আরও ৪৭ জন। অর্থাৎ হতাহতের সংখ্যা দাঁড়ায় ৬৩ জনে। গত বছরও একই সড়কে অর্ধশতাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৩৫ জন।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের অভিযোগ, খানা-খন্দ, অবৈধ যান চলাচল, পৃথক লেনের অভাব এবং অতিরিক্ত গতির কারণে এ সড়কটি যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছিল। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ এই মহাসড়ক দিয়ে প্রতিদিন ভোমরা ও বেনাপোল স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক চলাচল করায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
ট্রাকচালক আজিজুল হক বলেন, ‘রাস্তার গর্তে পড়ে গাড়ি বারবার নষ্ট হচ্ছে। আগে খুলনা থেকে সাতক্ষীরা যেতে আড়াই ঘণ্টা লাগত, এখন লাগে ৪ ঘণ্টারও বেশি।’
সাতক্ষীরাগামী যাত্রী রওশন আরা বলেন, ‘বাসে উঠলেই মনে হয় নিরাপদে নামতে পারব কি না সন্দেহ। দ্রুত সংস্কার ও ছোট যানবাহনের জন্য আলাদা লেন জরুরি।’
এ দিকে সংস্কারকাজ শুরুর খবরে যাত্রী ও চালকরা স্বস্তি প্রকাশ করেছেন। তাদের দাবি, দ্রুত কাজ শেষ করে মহাসড়ক টেকসই করা হলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
সড়ক ও জনপথ খুলনা জেলার নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক বলেন, ‘দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে আমরা ধাপে ধাপে সংস্কারকাজ হাতে নিয়েছি। প্রথম পর্যায়ে জিরো পয়েন্ট ও চুকনগরে কংক্রিট সড়ক নির্মাণ হচ্ছে। পর্যায়ক্রমে আরও গুরুত্বপূর্ণ অংশে কাজ শুরু করা হবে। আমরা আশা করছি, কাজ শেষ হলে এই সড়কে দুর্ঘটনার সংখ্যা কমে আসবে এবং যাত্রী ও চালকরা স্বস্তিতে চলাচল করতে পারবেন।











































