Home বিনোদন বিদেশের উৎসব ঘুরে মেহজাবীনের ‘সাবা’ এবার বাংলাদেশে

বিদেশের উৎসব ঘুরে মেহজাবীনের ‘সাবা’ এবার বাংলাদেশে

19


বিনোদন ডেস্ক।।
নাটকে থিতু হওয়ার অভিনেত্রী মেহজাবীন চৌধুরী আসেন চলচ্চিত্রে। সামাজিক মাধ্যমে অতীত স্মৃতি রোমন্থন করে ঘোষণা দেন প্রথম সিনেমার। গত বছরের ফেব্রুয়ারির ঘটনা এটি। এরপর শুটিং শেষ করে সিনেমাটি নিয়ে বিশ্বভ্রমণে বের হন যেন। বিশ্বের সিনেমার তাবৎ বড় বড় উৎসবে ‘সাবা’ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। নানা দেশে সিনেমাটির প্রিমিয়ার হলেও মুক্তি পায়নি বাংলাদেশে।

এরই মধ্যে গত বছর মেহজাবীনের দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আর এর মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে এই অভিনেত্রীর। তারপর দীর্ঘ বিরতি। এরই মধ্যে বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে দীর্ঘ প্রেমের পর সংসার বাঁধেন। শুরু হয় মেহজাবীনের নতুন জীবনের নতুন অধ্যায়। সেই অধ্যায় নিয়েই দারুণ চলছিল তাদের জীবন। এরই মধ্যে মেহজাবীন এবার জানিয়ে দিলেন তাঁর প্রথম সিনেমা সাবা মুক্তির খবর। হ্যাঁ, বিদেশের বিভিন্ন উৎসবে ঘুরে অবশেষে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘সাবা’। তবে ছবিটির মুক্তির তারিখ নিয়ে এখনও কিছুটা দ্বিধায় আছেন নির্মাতারা। তবে তারিখ নিয়ে দ্বিধা থাকলেও মুক্তি নিয়ে কোনো শঙ্কা নেই বলেই নির্মাতার ভাষ্য।

পরিচালক মাকসুদ হোসাইন বলেন, ‘সেপ্টেম্বরের শেষ সপ্তাহে কিংবা অক্টোবরের শুরুতে ‘সাবা’ মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে। তবে সঠিক দিন এখনও চূড়ান্ত হয়নি। অবশেষে দেশের দর্শকের কাছে আমাদের গল্পটা পৌঁছে দেওয়ার অপেক্ষায় আছি। আন্তর্জাতিকভাবে ছবিটি প্রশংসা পেয়েছে, এবার দেখব দেশের মানুষ কেমনভাবে গ্রহণ করেন।’

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘স্বপ্নের মতো এক যাত্রায় টরন্টো, বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ বহু উৎসবে ঘুরে ‘সাবা’ এখন প্রস্তুত নিজের মানুষদের সঙ্গে দেখা করার জন্য।’

একই পোস্টে তিনি দর্শকদের উদ্দেশে প্রশ্ন রেখেছেন– ‘সাবা’ মুক্তি পেলে কোন তারিখে দেখতে চান, ২৬ সেপ্টেম্বর নাকি ৩ অক্টোবর?

‘সাবা’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে সাবা ও তাঁর মাকে ঘিরে। বাবা নিখোঁজ হয়ে যাওয়ার পর অসুস্থ মা শিরিনের একমাত্র অবলম্বন হয়ে ওঠে সাবা। হৃদযন্ত্রের জটিলতায় ভুগতে থাকা মায়ের সঙ্গে একাকী জীবনের টানাপোড়েনের মাঝেই তাদের জীবনে আসে অঙ্কুর নামে এক তরুণ, যাঁকে ঘিরেই গল্পে আসে মোড়।
ছবিতে সাবা চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। তাঁর মা শিরিন হয়েছেন রোকেয়া প্রাচী, আর অঙ্কুরের চরিত্রে আছেন মোস্তফা মনোয়ার।

আন্তর্জাতিক যাত্রায় ‘সাবা’র শুরু টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে। পরে বুসান, রেড সি, গোথেনবার্গ, ওসাকা, ডালাসসহ একাধিক উৎসবে অংশ নেয় ছবিটি। চলতি বছরের মার্চে বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা প্রতিযোগিতা বিভাগে তৃতীয় পুরস্কারও জিতে নেয় ‘সাবা’।