Home খেলাধুলা দীর্ঘ বিরতির পর ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে কারান

দীর্ঘ বিরতির পর ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে কারান

14


স্পোর্টস ডেস্ক।।

দীর্ঘ বিরতির পর আবারও জাতীয় দলের জার্সিতে মাঠে নামার সুযোগ পাচ্ছেন স্যাম কারান। দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ইংল্যান্ড দলে জায়গা করে নিয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

২০২৪ সালের নভেম্বরে শেষবার ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন কারান। এরপর কেটেছে প্রায় ১০ মাস। অবশেষে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফেরালেন নির্বাচকদের আস্থা।

২৭ বছর বয়সী কারান এই গ্রীষ্মে ইংল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি আসরগুলোতে ছিলেন দারুণ ফর্মে। টি-টোয়েন্টি ব্লাস্ট ও দা হান্ড্রেড মিলিয়ে ২৪ ম্যাচে ব্যাট হাতে তার সংগ্রহ ৬০৩ রান, স্ট্রাইক রেট ১৫৪.২১। বল হাতেও ছিলেন সমান কার্যকর—দলকে এনে দিয়েছেন ৩৩টি উইকেট।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন স্যাম কারান। সেই আসরে ফাইনালের সেরা খেলোয়াড় হওয়ার পাশাপাশি পুরো টুর্নামেন্টেই ছিলেন অনবদ্য। তবে ২০২৪ সালে এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। অবশেষে দলে ফিরে আবারও নিজেকে প্রমাণের সুযোগ পেলেন।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আগেই দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে আলাদা দল ঘোষণা করেছিল। শুক্রবার তারা জানায়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডে যুক্ত হয়েছেন স্যাম কারান। বিশ্রাম দেওয়া হয়েছে বেন ডাকেটসহ আরও কয়েকজন নিয়মিত ক্রিকেটারকে, যারা আগে থেকেই আয়ারল্যান্ড সিরিজ থেকেও বাইরে।

সূচি:

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু: আগামী বুধবার, কার্ডিফে

আয়ারল্যান্ড সিরিজ শুরু: ১৭ সেপ্টেম্বর, ডাবলিনে

এর আগে, প্রোটিয়াদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচেই হেরেছে ইংল্যান্ড। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে রবিবার।