যশোর অফিস।।
যশোর সদরের রাজারহাটে মাদক উদ্ধারে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন সিআইডি পুলিশের চার সদস্য। তাদের মধ্যে শহিদুল ইসলাম নামে এক কনস্টেবলকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে দু’টি মামলা করেছে।
সিআইডি পুলিশ ও স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় এসআই হাবিব, এসআই তরিকুল ইসলাম, এএসআই মো. জাহিদ হোসেন এবং কনস্টেবল শহিদুল ইসলাম নিয়ে গঠিত একটি দল রাজারহাট এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ওই এলাকার মাসুদ রানার ছেলে তুষারকে ধরে কাশ্মীরি বিরিয়ানি হাউজের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে তল্লাশি করে। একপর্যায়ে তার কাছে ২০ পিস ইয়াবা পাওয়া গেছে দাবি করে সিআইডি। এ সময় তুষার সিআইডি সদস্যদের ‘ভুয়া পুলিশ’ বলে চিৎকার শুরু করে। এ সময় স্থানীয় কয়েকজন সিআইডি পুলিশদের ওপর হামলা চালায়। পরবর্তীতে যশোর কোতোয়ালি থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। আহতদের মধ্যে কনস্টেবল শহিদুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রাজারহাট এলাকার চা দোকানি মোতাহার হোসেন জানান, কাশ্মীরি বিরিয়ানি হাউজের সামনে থেকে মারামারি করতে করতে আমার দোকানের সামনে চলে আসে। সিআইডি পরিচয়দানকারীরা ছিলেন সাদা পোশাকে। তারা যখন তুষারকে ধরে নিয়ে যাচ্ছে তখন ও বলছিলো, আমার টাকা মোবাইল নিয়ে চলে যাচ্ছে, ভুয়া সিআইডি পরিচয়ে। আমাকে বাাঁচও। তখন কিছুলোক উত্তেজিত হয়ে তাদের ওপর হামলা শুরু করে। এ সময় সিআইডির দুজন পালিয়ে যায়। আর ঘটনাস্থলে দুজনকে মারধর করা হয়। পরে থানা থেকে পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয় আরও কয়েকজন জানায়, তুষারের নামে পূর্বে মাদকের কোন মামলা নেই। তবে মারামারিসহ কয়েকটি মামলা রয়েছে। সিআইডি সদস্যদের অফিশিয়াল কোন ড্রেস থাকতো তাহলে এই ধরনের কোন ঘটনা ঘটতো না।
এদিকে, অভিযুক্ত তুষারের দাবি, ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করায় মারামারি সূত্রপাত হয়। তাকে একটি মোবাইল ভিডিওতে বলতে শোনা যায়, হঠাৎ দুই ব্যক্তি তাকে ধরে কেয়া হোটেলের ভেতর নিয়ে যায়। এরপর পকেটে কি জানতে চাইলে তিনি পকেটে থাকা দুটি ফোন ও নগদ ৫ হাজার টাকা বের করে দেন। একপর্যায়ে ওই দুই ব্যক্তির একজন মোবাইল ও টাকা নিয়ে চলে যেতে গেলে তিনি প্রতিবাদ করেন। এ সময় একজন তার হাত থাকা একটি পোটলা দেখিয়ে বলে তোর কাছে ইয়াবা পাওয়া গেছে। এ সময় আমি তাকে ঘুষি মারলে স্থানীয়রাও মারধরে অংশ নেয়।
তবে অভিযোগ অস্বীকার করে সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার মোসাঃ সিদ্দিকা বেগম জানান, পুলিশ সদস্যরা অভিযানে গেছে। তারা কাউকে অহেতুক ফাঁসাতে যাবে কেন? তুষারের বিরুদ্ধে মামলাও আছে।
তিনি আরও জানান, এ ঘটনার প্রেক্ষিতে সরকারি কাজে বাধা ও মাদক ব্যবসার অভিযোগে তুষারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫জনের নামে মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে যশোর কোতোয়ালি পুলিশ কাজ করছে। এই ঘটনার পর থেকে মোড়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।











































