কম জনবসতি এলাকায় বিদ্যালয় জাতীয়করণ * মাদ্রাসা শিক্ষায় ঝুঁকছে অনেকেই * বিদ্যালয়ে উপযুক্ত পরিবেশের অভাব
যশোর অফিস।।
শিক্ষার্থী সংকটে যশোরের অন্তত ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধের পথে। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৫০ জনের কম। এমন বিদ্যালয়ও রয়েছে, যেখানে মাত্র ৮ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান চলছে।
জানা যায়, যশোরের মনিরামপুরের সুজাতপুর মধ্যপাড়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ৮ জন। কেশবপুরের ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান চলছে। অভয়নগরের হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ১৫ জন। ২০ জনের কম শিক্ষার্থী নিয়ে চলমান এই তিনটি প্রতিষ্ঠানই ২০১৩ সালে জাতীয়করণ করা হয়েছিল। রাজনৈতিক বিবেচনায় বিদ্যালয়গুলো জাতীয়করণ করা হয়েছিল বলে অভিযোগ আছে। শুধু এই তিনটি বিদ্যালয় নয়, যশোরে আরও ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটিতে শিক্ষার্থীর সংখ্যা ৫০ জনের নিচে। এসব বিদ্যালয়ে তিন থেকে সর্বোচ্চ ৬ জন শিক্ষক কর্মরত আছেন। অভিযোগ আছে, শিক্ষকদের অনেকেই হাজিরা দিয়ে দিন পার করে মাসের বেতন ভাতা বুঝে নিচ্ছেন।
সম্প্রতি সরেজমিন যশোর শহরের লালদিঘিরপাড়ের মসজিদ মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলছে। একটি কক্ষে দুটি শ্রেণির ৬ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
১৯৫৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির প্রধান শিক্ষক রমা রানী চক্রবর্তী বলেন, ‘বিদ্যালয়ে মোট শিক্ষার্থী ২৫ জন। এর মধ্যে শিশু শ্রেণিতে ৭ জন, প্রথম শ্রেণিতে ৪ জন, দ্বিতীয় শ্রেণিতে একজন, তৃতীয় শ্রেণিতে ৬ জন, চতুর্থ শ্রেণিতে ৬ জন ও পঞ্চম শ্রেণিতে একজন শিক্ষার্থী অধ্যয়নরত। শিক্ষক রয়েছেন ৫ জন। একজন শিক্ষার্থী থাকলেও নির্ধারিত পিরিয়ডে নির্দিষ্ট সময় পর্যন্ত ক্লাস নেওয়া হয়।’
শিক্ষার্থী কম থাকার কারণ হিসাবে রমা রানী বলেন, এ বিদ্যালয়ে একসময় নিষিদ্ধ পল্লী ও হরিজন পল্লীর শিশুরা পড়ত। এজন্য সাধারণ লোকজন তাদের সন্তানকে এই স্কুলে ভর্তি করাতে চান না। এছাড়া বস্তিবাসী পরিবারের সন্তানরা একসময় এখানে পড়ত। আশপাশের অনেকগুলো বস্তি উচ্ছেদ হয়ে গেছে। এজন্য তারাও ভর্তি হয় না।
হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র রায় বলেন, আমার স্কুলে ১৫ জন শিক্ষার্থী আছে। শিক্ষার্থী কমার দুটো কারণ আছে। পাশাপাশি দুটি স্কুল ও সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকায় জন্মহার খুবই কম। এজন্য শিক্ষার্থী সংকট কাটছে না।
কেশবপুরের ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র কুশারী বলেন, আমার স্কুলে ১২ জন শিক্ষার্থী আছে। প্রথম শ্রেণিতে কোনো শিক্ষার্থী নেই। তিনি বলেন, চারপাশে বিল, মাঝখানে বিদ্যালয়। বছরের অধিকাংশ সময় বিদ্যালয় জলাবদ্ধ থাকে। সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এলাকায় জন্মহার খুবই কম। তাই বিদ্যালয়ে ভর্তিযোগ্য শিশু পাওয়া যাচ্ছে না।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক চৌগাছার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলেন, গ্রামে গ্রামে অনুমোদন ছাড়াই গড়ে ওঠা মাদ্রাসায় শিশুদের ভর্তিতে ঝুঁকে পড়ছে অভিভাবকরা। এজন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমছে। এ বিষয়ে যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম বলেন, ৫০ জনের কম শিক্ষার্থীর বিদ্যালয়ের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে। এসব বিদ্যালয়কে পার্শ্ববর্তী বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করার প্রস্তাব আছে। এ বিষয়ে অধিদপ্তর পরবর্তী সিদ্ধান্ত নেবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, জন্মহার ও জনবসতি সংখ্যা কম হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী কমছে। আবার অনেক প্রতিষ্ঠান স্থাপনের সময় হয়তো যথাযথ নিয়ম মানা হয়নি। পাশাপাশি একাধিক বিদ্যালয় থাকায় শিক্ষার্থী সংকট আছে।











































