অনলাইন ডেস্ক।।
রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুই বছরে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচন করলো থাইল্যান্ড। শুক্রবার পার্লামেন্ট সদস্যদের সরাসরি ভোটে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ডানপন্থি ধনকুবের অনুতিন চার্নভিরাকুল। এর মধ্যে দিয়ে ক্ষমতা হারিয়েছে দেশটিতে দীর্ঘদিন ধরে শাসন ক্ষমতায় থাকা সিনাওয়াত্রা পরিবার। গত সপ্তাহে নৈতিকতা ভঙ্গের অভিযোগে পেতাংতার্ন সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন দেশটির আদালত। এরপরই আগামী চার মাসের জন্য চার্নভিরাকুলের মতো একজন ব্যবসায়ীকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছে দেশটির পার্লামেন্ট। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, পার্লামেন্টে সিনাওয়াত্রা পরিবারের রাজনৈতিক দল ফিউ থাই এর জোট ত্যাগ করেছে অনুতিনের ভূমজাইথাই পার্টি। তবে হয়তবা থাইল্যান্ডের অনিশ্চয়তা শেষ হয়নি। কেননা প্রধানমন্ত্রী পদে আদালতের হস্তক্ষেপ এবং সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের উদ্বেগ রয়ে গেছে। অনুতিনের প্রধানমন্ত্রীর পদে আরোহণ সিনাওয়াত্রা পরিবারের জন্য একটি বড় ধাক্কা। পরিবারটি ২০০১ সাল থেকেই দেশটির ক্ষমতায় ছিলো। পিতাংতার্নের পিতা থাকসিন প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দেশটির রাজনীতিতে প্রায় একক আধিপত্য প্রতিষ্ঠা করে তার দল ফিউ থাই। বৃহস্পতিবার রাতে থাকসিনকে বহনকারী একটি ব্যক্তিগত জেট থাইল্যান্ড থেকে উড়ে যাওয়ার ঘটনাটি তীব্র আলোচনার জন্ম দেয়। শুক্রবার সকালে থাকসিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে, তিনি চিকিৎসার জন্য দুবাই গিয়েছেন এবং ৯ সেপ্টেম্বরের একটি শুনানিতে ফিরে আসার ইচ্ছা আছে। ওই শুনানির পর তাকে পুনরায় কারাগারে পঠানো হতে পারে।
কে এই অনুতিন এবং কীভাবে ক্ষমতায় এলেন তিনি?
৫৮ বছর বয়সী অনুতিন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং চুক্তি-প্রণেতা। পার্লামেন্টের ৫০০টি আসনের মধ্যে তার দল ভূমিজাইথাই এর মাত্র ৬৯টি আসন রয়েছে, যার অর্থ তিনি দুটি বৃহত্তম দলের মধ্যে একটির সমর্থন ছাড়া ক্ষমতা পাবেন না। ভূমিজাইথাই দলটি আদর্শগতভাবে নিরপেক্ষ এবং লেনদেনমূলক হিসাবে পরিচিত। অতীতে তারা রক্ষণশীল, সামরিক-সমর্থিত গোষ্ঠীর সাথে এবং সম্প্রতি ফেউ থাইয়ের সাথে জোটবদ্ধ ছিল। অনুতিন ফেউ থাই-এর নেতৃত্বাধীন জোট ত্যাগ করেন। কারণ হিসাবে পেতাংতার্ন এবং কম্বোডিয়ান নেতা হুন সেনের মধ্যে ফাঁস হওয়া একটি ফোন কলকে দেখানো হলেও, এর পেছনে আরও কিছু মতবিরোধ ছিল। বাকি একমাত্র বিকল্প ছিল প্রগতিশীল এবং তরুণ পিপলস পার্টি, যা পার্লামেন্টের বৃহত্তম দল। কিন্তু এই দুটি দলের মধ্যে সম্পর্ক স্থাপন কঠিন।
অনুতিন একজন দৃঢ় রাজতন্ত্রবাদী। পিপলস পার্টি ঠিক তার বিপরীত। ফলে দলটির নেতাদের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের জন্য কাউকে যোগ্য বলে বিবেচনা করা হয়নি। তাদের কিছু সংসদ সদস্যকে ‘লেসে ম্যাজেস্টি’ (রাজতন্ত্রের প্রতি অবমাননা) এর জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে এবং অনেকেই ভূমিজাইথাইয়ের সঙ্গে কোনো চুক্তি করার বিরোধিতা করেন। কিন্তু পেতাংতার্নের বরখাস্তের পর ফেউ থাই-এর মধ্যে বিশৃঙ্খলার কারণে, সাবেক প্রধানমন্ত্রী এবং অভ্যুত্থান নেতা প্রায়ুথ চ্যান-ও-চারকে আবার দেশ পরিচালনার জন্য আহ্বানের সম্ভাবনায় ছিল, যা অনুতিনের সঙ্গে দলবদ্ধ হওয়ার চেয়েও কম গ্রহণযোগ্য। তবে পিপলস পার্টি অনুতিনের প্রধানমন্ত্রীত্বকে সমর্থন করার জন্য কঠিন শর্ত দিয়েছে। তাকে চার মাসের মধ্যে নির্বাচন আহ্বান করতে হবে এবং সামরিক-খসড়া সংবিধান সংশোধনের প্রক্রিয়া শুরু করতে হবে। তারা কেবল নির্বাচনের আগ পর্যন্ত নতুন সরকারের টিকে থাকার জন্য সমর্থন দিচ্ছে, কোনো আইন প্রণয়নের জন্য নয়। সুতরাং অনুতিন তার প্রধানমন্ত্রীত্ব শুরু করছেন হাত বাঁধা অবস্থায়। প্রভাব ফেলার জন্য তার হাতে মাত্র চার মাস সময় আছে।
অনুতিন একটি ধনী রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন। তার বাবা বেশ কয়েকটি মন্ত্রীর পদে অধিষ্ঠিত ছিলেন এবং পারিবারিক নির্মাণ ব্যবসা শুরু করেছিলেন। অনুতিন ২০২২ সালে স্বাস্থ্যমন্ত্রী থাকাকালীন থাইল্যান্ডের গাঁজা আইন উদারীকরণ করার পর বেশ পরিচিতি পান। তিনি একজন উৎসাহী পাইলট এবং তার তিনটি নিজস্ব বিমান রয়েছে। এখন তার চ্যালেঞ্জ হল খুব অল্প সময়ের মধ্যে দেশকে আরও একটি রাজনৈতিক সংকট থেকে বের করে আনা।











































