Home স্বাস্থ্য গরম চা ও খাবার ছাড়া চলে না, ভয়াবহ রোগ হচ্ছে না তো?

গরম চা ও খাবার ছাড়া চলে না, ভয়াবহ রোগ হচ্ছে না তো?

7
গরম চা ও খাবার ছাড়া চলে না, ভয়াবহ রোগ হচ্ছে না তো? কী বললেন চিকিৎসক


মিলি রহমান।।
সকালে ঘুম থেকে উঠেই চায়ের কাপে চুমুক দিয়ে দিন শুরু করেন, এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যাবে। কেউ আবার সকালের নাশতা সারেন এই চা দিয়ে। কেউবা আবার রুটি-পরোটার পর চায়ে চুমুক দেন। আর সারাদিনে অফিসে কাজের ফাঁকে কিংবা বিকেলে সহকর্মীদের সঙ্গে বা বন্ধুমহলে আড্ডায় চা তো থাকছেই।
চা পান অভ্যাসে পরিণত হলেও কারও কারও আবার গরম চা ছাড়া চলেই না। চা পানে শরীর চাঙা হওয়ার সঙ্গে মনও সতেজ হয়। এ কারণেই চা পান করা হয়। কিন্তু গরম চা পানের অভ্যাস ক্রমশ স্বাস্থ্যের ক্ষতি করে বেড়ায়, তা কী সবার জানা? শুধু চা নয়, যেকোনো পানীয়ই গরম অবস্থায় খাওয়া হলে তা খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়ায়। স্বাস্থ্যঝুঁকির ক্ষেত্রে পানীয়ের কোনো দোষ নয়। বরং পানীয়ের তাপমাত্রায় ভয়। ভারতীয় একটি সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল জার্নাল অব ক্যানসারে প্রকাশিত গবেষণা থেকে জানিয়েছে, ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম পানীয় পানে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকি বাড়ে। গরম খাবারের থেকে গরম পানীয় পানে এই রোগ হওয়ার আশঙ্কা বেশি থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই তাপমাত্রার বেশি গরম পানীয় খাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম চা বা অন্য কোনো পানীয় নিয়মিত পান করা হলে খাদ্যনালীর আস্তরণ পুড়ে যায় এবং জ্বালাভাব বেশ বেড়ে যায়। গরম খাবার বা পানীয় ক্রমাগত খাওয়া হলে খাদ্যনালির কোষের ক্ষতি হতে থাকে এবং ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পায়। এ জন্য ফুটন্ত পানীয় বা খাবার কোনোটাই স্বাস্থ্যের জন্য উপকারী নয়। বরং ক্ষতিকর।
সিএমআরআই কলকাতার অঙ্কো-সার্জেন এস. কে. বালা বলেছেন, পানীয় গরম কিনা বা তা কেমন গরম, সেটি আমাদের জিব থেকেই অনুধাবন করা যায়। গরম পানীয় পান করার সময় যদি জিব পুড়ে যায়, তখন স্পষ্টতই বুঝতে হবে―এই পানীয় খাদ্যনালিও পুড়িয়ে দেবে। বিশেষজ্ঞদের মতে, চা-কফি অস্বাস্থ্যকর নয়। তবে কিছুক্ষণ অপেক্ষা করে গরম খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এতে স্বাস্থ্যের ক্ষতিকর দিকগুলো প্রতিরোধ করা যায়। আবার খাবারের স্বাদও ঠিকভাবে গ্রহণ করা যায়। এছাড়া ক্যানসার প্রতিরোধের ক্ষেত্রে চিকিৎসকরা সবসময় জীবনযাপনের দিকে নজর রাখার পরামর্শ দিয়ে থাকেন। এ জন্য ধূমপান ত্যাগ করা, মদ্যপান এড়িয়ে চলা, জাঙ্ক ফুড না খাওয়া, শরীরচর্চা করার ওপর জোর দিতে হবে। জীবনযাপনের এসব ছোট ছোট পরিবর্তনই ক্যানসারের মতো ভয়াবহ রোগের ঝুঁকি কমাতে পারে। আর যেকোনো সমস্যায় অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।