স্টাফ রিপোর্টার
নগরীর লবণচরা রূপসা ব্রীজ সংলগ্ন এলাকার রূপসা অটোরাইস মিলে র্যাবের অভিযানে ৮হাজার ১০কেজি সরকারি চালসহ গ্রেফতার দু’আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতিকুস সামাদ পিএইচডি শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। গত মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সিরাজুল ইসলাম দু’আসামিকে আদালতে হাজির করে ৭দিনের রিমা-ের আবেদন করেছিলেন।
আসামিরা হলেন খুলনা জেলার বটিয়াঘাটা থানার খাড়াবাদ গ্রামের আফছার আলী আকুঞ্জীর ছেলে মো. সামসুল ইসলাম ওরফে শাহাজাদা আকুঞ্জী (২৮) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার কুটিবাড়ি গ্রামের হামিদ উদ্দিন তালুকদারের ছেলে মো. মোস্তফা কামাল তালুকদার (৪৮)। এ মামলার অপর আসামি খুলনা জেলার বটিয়াঘাটা থানার খাড়াবাদ গ্রামের আলী আকবর আকুঞ্জীর ছেলে মো. আতিকুর রহমান আকুঞ্জী (৫০) পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২৭ সেপ্টেম্বর রবিবার দিবাগত রবিবার রাত সোয়া তিনটার দিকে নগরীর রূপসা ব্রীজ সংলগ্ন মেসার্স রূপসা অটোরাইস মিলের মধ্যে কতিপয় অসাধু ব্যবসায়ী (‘শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ খাদ্য অধিদপ্তরের সীলমোহর যুক্ত) সরকারি চাল মজুদ করে কালোবাজারীর মাধ্যমে ক্রয়-বিক্রয় করছে; এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান অভিযান চালায় র্যাব-৬। ২৬৭ বস্তায় ভর্তি মোট ৮ হাজার ১০ কেজি সরকারি চাল, একটি বস্তা সেলাইয়ের মেশিন, একটি ট্রাক, একটি ট্রলার, দু’টি মোবাইল ফোন ও ৪টি সীমকার্ডসহ দু’জনকে গ্রেফতার করা হয়। এঘটনায় র্যাবের এস সিপিও মো. সৈয়েদুজ্জামান বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে লবণচরা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন যার নং- ২৭।











































