Home খেলাধুলা খরচের নতুন রেকর্ড ইংলিশ প্রিমিয়ার লিগের

খরচের নতুন রেকর্ড ইংলিশ প্রিমিয়ার লিগের

11



স্পোর্টস ডেস্ক।।

ইউরোপের ক্লাব ফুটবলে দলবদলের সময়সীমা শেষ হয়েছে।গতকাল সোমবার রাতে শেষ হওয়া দলবদলে সর্বকালের সর্বোচ্চ খরচের নতুন রেকর্ড গড়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। প্রিমিয়ার লিগের ২০টি ক্লাব নতুন খেলোয়াড় কিনতে খরচ করেছে ৩০০ কোটি পাউন্ড। এতে ভেঙেছে ২০২৩ সালের ২৩৬ কোটি পাউন্ডের রেকর্ড। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

মেসি-রোনালদোহীন লা লিগা নেই খরচের দৌঁড়ে। বুন্দেসলিগা, সিরি-আ ও ফরাসি লিগ আরও পেছনে। দলবদলের বাজারে বরাবরই পরিমিত হিসাবে পরিচিত লিভারপুল এবার চেনা ধারা থেকে বেরিয়ে এসে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ খরচের রেকর্ড গড়েছে। ইংলিশ চ্যাম্পিয়নরা নিজেদের দল ঢেলে সাজাতে খরচ করেছে ৪০ কোটি পাউন্ডেরও বেশি। এছাড়া ২০ কোটি পাউন্ডের বেশি খরচ করেছে চেলসি, আর্সেনাল, ম্যানইউ ও নিউক্যাসল।

রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি ও নাপোলির মতো অন্য লিগের ক্লাবগুলো অনেক খেলোয়াড় কিনলেও ব্যয়বহুল সব দলবদল হয়েছে প্রিমিয়ার লিগে। এই গ্রীষ্মেই দুবার ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড ভেঙেছে লিভারপুল। প্রথমে তারা বায়ার লেভারকুজেন থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে জার্মান প্লেমেকার ফ্লোরিয়ান ভির্টজকে।

দলবদলের শেষদিনে সেই রেকর্ড ভেঙে তারা নিউক্যাসল থেকে দলে টেনেছে সুইডিশ ফরোয়ার্ড আলেকসান্দার ইসাককে। ছয় বছরের চুক্তিতে তাকে কিনতে লিভারপুলের খরচ হয়েছে ১২৫ মিলিয়ন পাউন্ড। এ ছাড়া হুগো একিতিকেকে কিনতে তারা খরচ করেছে ৬৯ মিলিয়ন পাউন্ড। খেলোয়াড় বিক্রিতেও মুনশিয়ানা দেখিয়েছে লিভারপুল। খেলোয়াড় বিক্রি করে ২০ কোটি পাউন্ডের বেশি আয় করেছে তারা।

আর্সেনাল কিনেছে আটজন খেলোয়াড়। স্পোর্টিং লিসবন থেকে সুইডিশ গোলমেশিন ভিক্টর ইয়োকেরেসকে কিনতে তাদের খরচ হয়েছে ৬ কোটি ৪০ লাখ পাউন্ড। ম্যানইউ ৭ কোটি ৩০ লাখ পাউন্ডে বেনজামিন সেসকো, ৬ কোটি ৫০ লাখ পাউন্ডে ব্রায়ান এমবুয়েমো ও ৬ কোটি ২৫ লাখ পাউন্ডে কিনেছে মাতেউস কুনিয়াকে। বিপরীতে ম্যানইউ ছেড়ে ৪ কোটি পাউন্ডে চেলসিতে যোগ দিয়েছেন আলেসান্দ্রো গারনাচো।