বিনোদন ডেস্ক।।
জনপ্রিয় কণ্ঠশিল্পী জানিতা আহমেদ ঝিলিক। গানের ভুবনে ঝিলিক নামেই পরিচিত তিনি। ২০০৮ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে পেশাগতভাবে গানের জগতে যাত্রা তার। ১৮ বছরের ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি স্টেজ শো নিয়ে ব্যস্ত থেকেছেন দেশ-বিদেশে। বর্তমান ব্যস্ততা সম্পর্কে ঝিলিক বলেন, কিছু গানের রেকর্ডিং চলছে। এ ছাড়া, লাইভ শো নিয়ে ব্যস্ত আছি। ওপেন এয়ার কনসার্টে ইদানীং কম দেখা যাচ্ছে। কারণ? তিনি বলেন, আউটডোর শোয়ের জন্য নভেম্বর-ডিসেম্বরের মৌসুমটাকে প্রাধান্য দেই আমরা। এ ছাড়া দেশের পরিস্থিতি তো আগের মতো নেই। সব দিক বিবেচনা করে আপাতত স্টেজ শো কম করা হচ্ছে। গানের জগতে ১৮ বছরে পা দিয়েছেন। অভিজ্ঞতা কেমন? এ প্রসঙ্গে ঝিলিক বলেন, খারাপ-ভালো দুটোই আছে। তবে, যেদিন চ্যানেল আই সেরাকণ্ঠ চ্যাম্পিয়ন হিসেবে মুকুটটা পরেছিলাম, সেদিনের অভিজ্ঞতা অন্যান্য সকল অভিজ্ঞতাকে হার মানায়। ছোটবেলা থেকেই কি গায়িকা হওয়ার স্বপ্ন ছিল? তিনি বলেন, বাবা আমার ওস্তাদ। যখন আমি খুব ছোট, তখন থেকেই দেখতাম বাবা গান করছেন। তখন আমি গুনগুন করে গান গাওয়ার চেষ্টা করতাম। আমার বেড়ে ওঠার পরিবেশটাই ছিল গানের মধ্যে।
তখন স্বপ্ন দেখার মতো বয়সটাই হয়নি। গায়িকা না হলে কী হতেন? ঝিলিক বলেন, এটাও ভাবার মতো বয়স ছিল না তখন। কারণ আমি গানের সঙ্গে সঙ্গেই বড় হয়েছি। এখনকার মিউজিকের অবস্থা কেমন মনে হচ্ছে? তিনি বলেন, এখনকার সময়ে প্ল্যাটফরম বেশি হওয়ায় অপশনও অনেক। যার ফলে বোঝা যায় না কোনটা রেখে কোনটা শুনবো। ধরা যাক, আমার একটি গান রিলিজ হয়েছে আজ। এখন এটা মানুষের সামনে পড়বে, তারপরই তো সে শুনবে। আর এ রকম তো প্রত্যেক দিন অনেকের গানই বের হচ্ছে। অনেকেই বলেন, সিনেমার গানে সিন্ডিকেট রয়েছে। একজন শিল্পী হিসেবে আপনার কী মনে হয়? এ সম্পর্কে তিনি বলেন, সিন্ডিকেট শব্দটাই আমার পছন্দ নয়। আমি মনে করি, কাজ করার ক্ষেত্রে আমার সঙ্গে পরিচয় বা যাদের সঙ্গে ভালো সম্পর্ক, তাকেই তো ডাকবো। অপরিচিত কারও সঙ্গে হুট করে কাজ করাটাও টাফ।











































