বিনোদন ডেস্ক।।
মালায়ালম ও তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মী মেননের বিরুদ্ধে অপহরণের অভিযোগ উঠেছে। ভারতের কেরালার কোচিতে একজন আইটি কর্মীকে অপহরণের অভিযোগে মামলা হয়েছে অভিনেত্রীর নামে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ভুক্তভোগী অভিযোগ করেছেন, একটি বারে বাকবিতণ্ডা হয় তার সঙ্গে। তারপর এর্নাকুলাম নর্থ ব্রিজের কাছে অভিনেত্রী মেনন ও তার বন্ধুরা অপহরণ করে নিয়ে যায় তাকে। এরপর লাঞ্ছিত করা হয় ওই আইটি কর্মীকে।
এদিকে এ ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে। তাতে দেখা গেছে, ২৭ বছর বয়সী অভিনেত্রী একদল মানুষ নিয়ে ভুক্তভোগীর গাড়ি আটকে দিয়েছেন। তারপর তার সঙ্গে তীব্র তর্ক করছেন।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগীকে তার গাড়ি থেকে টেনে নামিয়ে অন্য একটি গাড়িতে করে তুলে নিয়ে তাৎক্ষণিক পালিয়ে যান। এ ঘটনায় তিনজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন মিঠুন, অনিশ ও সোনামল।
এছাড়া ভিডিও ক্লিপে অভিনেত্রীকে যাদের সঙ্গে দেখা গেছে, তাদের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তের তালিকায় থাকা অভিনেত্রী লক্ষ্মী মেনন বর্তমানে পলাতক। তাকে খোঁজ করছে পুলিশ।
প্রসঙ্গত, ২০১১ সালে ‘রাঘাভিন্তে স্বান্তম রাজিয়া’ সিনেমার মাধ্যমে মালায়ালাম সিনেমায় ডেবিউ হয় অভিনেত্রী লক্ষ্মী মেননের। এতে একটি পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল তাকে। পরের বছর, অর্থাৎ ২০১২ সালে তামিল সিনেমা ‘সুন্দরা পান্ডিয়ান’-এ মূল নায়িকা হিসেবে অভিষেক করেন তিনি।











































