স্পোর্টস ডেস্ক।।
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হয়েছে আগামী নভেম্বরে লিওনেল মেসির আর্জেন্টিনার ভারত সফর। বিশ্ব চ্যাম্পিয়নরা ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের উইন্ডোতে ভারতের কেরালায় একটি ম্যাচ খেলবে। শুক্রবার আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। তবে মেসিদের ম্যাচে প্রতিপক্ষ এখনও অনিশ্চিত
এএফএ জানায়, নভেম্বরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা তিনটি প্রীতি ম্যাচ খেলবে—একটি ভারতের কেরালায়, বাকি দুটি অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায়। যদিও ম্যাচের প্রতিপক্ষ এখনও ঘোষণা করা হয়নি।
আগে থেকেই শোনা যাচ্ছিল, কেরালারই কোনো ভেন্যুতে আয়োজন করা হবে ম্যাচটি। সেই অনুযায়ীই চূড়ান্ত হয়েছে অবস্থান। এটি হবে আর্জেন্টিনার দ্বিতীয় ভারত সফর। ২০১১ সালে প্রথমবার ভারতের মাটিতে খেলেছিল তারা—কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে মেসিরা খেলেছিলেন সেই ম্যাচে।
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ উপমহাদেশীয় দেশগুলোর উষ্ণ সমর্থনে বেশ আবেগাপ্লুত হয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়ন। তাদের অফিসিয়াল সামাজিক মাধ্যমে ধন্যবাদ জানানো হয়েছিল এই অঞ্চলকে।
‘ধন্যবাদ বাংলাদেশ, ধন্যবাদ কেরালা, ধন্যবাদ ভারত, ধন্যবাদ পাকিস্তান… আপনাদের সমর্থন ছিল অসাধারণ।’
এর পরপরই কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমান এএফএর সভাপতির কাছে একটি আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠান আর্জেন্টিনা দলকে কেরালায় আমন্ত্রণ জানিয়ে। দীর্ঘ আলোচনার পর অবশেষে এই সফর বাস্তব রূপ নিতে যাচ্ছে।
সফর আয়োজনের দিক থেকে মূল দায়িত্বে ছিল ‘রিপোর্টার’ নামের একটি ব্রডকাস্টিং কোম্পানি, যারা কেরালা সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করে। তারাই এএফএর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করে।
তবে কিছুদিন আগে সেই চুক্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এএফএর বাণিজ্য ও বিপণন প্রধান অভিযোগ তোলেন, কেরালা সরকার চুক্তির শর্ত ভঙ্গ করেছে। এতে সফর অনিশ্চিত হয়ে পড়ে।
এই জটিলতা দূর করতে বড় পদক্ষেপ নেয় ‘রিপোর্টার’ ব্রডকাস্টিং। গত ৫ আগস্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্টো অগাস্টিন জানান, ১৩০ কোটি রুপি পরিশোধ করা হয়েছে এএফএকে। তিনি জানান, ‘এই বছরের মধ্যে যদি আর্জেন্টিনা দল ভারতে না আসে, তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’
শেষ পর্যন্ত সেই অনিশ্চয়তার অবসান ঘটল এএফএর আনুষ্ঠানিক ঘোষণায়। ফিফা উইন্ডোর সূচি ও মেসির ব্যক্তিগত সফর
এএফএর বিবৃতি অনুযায়ী, ‘২০২৫ সালের বাকি সময়টায় আর্জেন্টিনার দুটি ফিফা প্রীতি ম্যাচ উইন্ডো রয়েছে। অক্টোবর ৬–১৬ তারিখের মধ্যে যুক্তরাষ্ট্রে দুটি ম্যাচ (প্রতিপক্ষ পরে নির্ধারিত হবে) এবং নভেম্বর ১০–১৮ তারিখের মধ্যে দুটি ম্যাচ অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায়।’
আর্জেন্টিনা দলের সফরের বাইরেও আরও একটি বড় খবর—ডিসেম্বরে ব্যক্তিগত সফরে ভারতে আসার কথা রয়েছে লিওনেল মেসির। কলকাতা দিয়ে শুরু হবে সফর, এরপর তিনি যাবেন আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে।











































