Home Lead জুলাই সনদের খসড়া: মতামত দিয়েছে ২৩ রাজনৈতিক দল দেয়নি ৭টি

জুলাই সনদের খসড়া: মতামত দিয়েছে ২৩ রাজনৈতিক দল দেয়নি ৭টি

16


খুলনাঞ্চল রিপোর্ট
জুলাই সনদের খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত দেওয়ার সময় শেষ হয়েছে গতকাল। প্রথম দফায় ২০ আগস্ট এবং দ্বিতীয় দফায় ২২ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া নিয়ে ২৩টি দল মতামত দিয়েছে। শুক্রবার (২২ আগস্ট) জাতীয় ঐকমত্য কমিশন এ তথ্য জানিয়েছে।
কমিশন জানায়, জুলাই সনদের ওপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে গত ১৬ আগস্ট চূড়ান্ত খসড়া ৩০টি দল ও জোটকে দেওয়া হয়। তাদের মতামত দিতে ২০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়। তবে কয়েকটি দলের অনুরোধে আরো দুদিন সময় বাড়ানোর পর শুক্রবার (২২ আগস্ট) ২৩টি দলের মতামতের তথ্য জানায় কমিশন। তবে মতামত দেয়নি আরো ৭টি দল।
এর আগে, প্রথম ও দ্বিতীয় দফায় ৬৮ দিনের বৈঠকে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি করে কমিশন। তবে সংস্কার বাস্তবায়ন নিয়ে ভিন্নমত জানায় দলগুলো।
এদিকে জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দেওয়ার পক্ষপাতী নয় বিএনপি। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এ অঙ্গীকারেও একমত নয় দলটি। বিএনপি চায়, যেসব সাংবিধানিক সংস্কারে ঐকমত্য হয়েছে, সেগুলো আগামী নির্বাচিত সংসদে বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে বিএনপির বিপরীতে অবস্থান জামায়াতের। দলটি সংবিধানের ওপরে সনদের প্রাধান্য চেয়েছে। সনদ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এ অঙ্গীকারেও সমর্থন করেছে দলটি। তবে কোন কোন সংস্কার প্রস্তাব নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য, এ তালিকা ঐকমত্য কমিশনের কাছে চেয়েছে তারা।
জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত মতামত দেয়নি সাতটি রাজনৈতিক দল। এগুলো হলো নাগরিক ঐক্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং ইসলামী ঐক্যজোট।
যেসব দল মতামত জমা দিয়েছে সেগুলো হচ্ছে-লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
এর আগে রাজনৈতিক দলগুলোর অনুরোধে জুলাই সনদের খসড়া নিয়ে মতামত দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছিল। সে ধারাবাহিকতায় গত বুধবার বিএনপি তাদের মতামত কমিশনের কাছে জমা দেয়।
একই দিন বিএনপির পাশাপাশি আরো পাঁচটি রাজনৈতিক দল নিজেদের মতামত জমা দেয়। এরপর বৃহস্পতিবার জামায়াতে ইসলামীও ঐকমত্য কমিশনের কাছে তাদের মতামত জমা দিয়েছে। একই দিনে জেএসডি, খেলাফত মজলিস, মার্ক্সবাদী বাসদসহ মোট ১১টি রাজনৈতিক দল জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে নিজেদের মতামত পেশ করেছে।
উল্লেখ্য, গত শনিবার জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর চূড়ান্ত খসড়া পাঠায়।