স্পোর্টস ডেস্ক।।
সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। কেয়ার্নসে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৯৮ রানে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা, ম্যাচের নায়ক ছিলেন অভিজ্ঞ স্পিনার কেশব মহারাজ। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে আরেক স্পিনার—অভিষিক্ত প্রেনেলান সুব্রায়েন।
অভিষেকেই দারুণ শুরু করেছেন ৩১ বছর বয়সী এই অফস্পিনার। অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি ৭ ওভারে বিনা উইকেটে তুলে ফেলেছিল ৬০ রান। দলকে ব্রেকথ্রু এনে দেন সুব্রায়েনই—দ্বিতীয় ওভারের প্রথম বলেই স্টাম্পড হন ট্রাভিস হেড। যদিও এরপর আর কোনো উইকেট পাননি, কিন্তু ১০ ওভারে মাত্র ৪৬ রান দিয়ে দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তবে অভিষেকের আনন্দের রেশ কাটতে না কাটতেই এল বড় দুঃসংবাদ। ম্যাচ শেষে দুই আম্পায়ার ক্রিস গ্যাফানি ও স্যাম নোগাইস্কি তাঁর বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাঁদের রিপোর্টের ভিত্তিতে আইসিসির নিয়ম অনুযায়ী সুব্রায়েনকে একটি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের বৈধতা প্রমাণ করতে হবে।
পরীক্ষার ফল না আসা পর্যন্ত তিনি খেলতে ও বোলিং চালিয়ে যেতে পারবেন। তবে ত্রুটি ধরা পড়লে নিষেধাজ্ঞায় পড়তে হতে পারে। উল্লেখ্য, আইসিসির নিয়ম অনুযায়ী ডেলিভারির সময় কোনো বোলার কনুই সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত বাঁকাতে পারেন।
দক্ষিণ আফ্রিকার জন্য এটি আরও একটি ধাক্কা, কারণ এরই মধ্যে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার কাগিসো রাবাদা। অন্যদিকে, সুব্রায়েনের আন্তর্জাতিক অভিজ্ঞতা খুব বেশি না হলেও, তিনি গত জুলাইয়ে টেস্ট অভিষেকে জিম্বাবুয়ের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন।
ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে শুক্রবার ও রবিবার, দক্ষিণ আফ্রিকার মাঠে নামার আগে এখন দৃষ্টি থাকবে সুব্রায়েনের অ্যাকশন পরীক্ষার দিকেও।










































