>> অহরহ ঘটছে দুর্ঘটনা, বিশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনা, যানজটে নাকাল নগরবাসী
সৈয়দ রানা কবীর।।
সংখ্যাটি আসলে কত তার সঠিক হিসাব কারো কাছে নেই। কেউ বলেছেন, ৩০ হাজার, কেউবা ৫০ হাজার। তবে কেউ কেউ আবার বলছেন ৮০ থেকে এক লাখের বেশি অটোরিকশা ও ইজিবাইক সমগ্র খুলনায় দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু খুলনা সিটি করপোরেশনের কাগজে কলমের হিসাবে বৈধভাবে অটোরিকশা রয়েছে আট হাজার। আর পণ্যবাহী ব্যাটারী চালিত অটো রয়েছে দুই হাজার। সব মিলিয়ে কেসিসির অনুমোদিত বৈধ ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে ১০ হাজার। খুলনা নগরী ও জেলা জুড়ে বিদ্যুৎখেকো, মারাত্মক ঝুঁকিপূর্ণ এই ব্যাটারি চালিত অটোরিকশা বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে। এর কোনো নীতিমালা নেই, ট্যাক্স নেই, লাইসেন্স নেই। গতকাল রবিবার থেকে কেএমপিতে শুরু হয়েছে আটক অভিযান।
খোঁজ নিয়ে জানাগেছে, তবে প্রায় ৭০ হাজারের বেশী। এটি নগরী ও জেলায় দাপিয়ে বেড়ানো ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা। নগরীতে ঠিক কতটি অবৈধ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে তা জানার জন্য নানাভাবে চেষ্টা করেও সংখ্যাটি জানা সম্ভব হয়নি। তবে নগরীতে ব্যাটারি রিকশার দৌরাত্ম্য চলছে সমানতালে। অলিগলি থেকে শুরু করে রাজপথ সর্বত্র দাবড়ে বেড়াচ্ছে বিদ্যুৎখেকো, ঝুঁকিপূর্ণ এই ব্যাটারি রিকশা। কোনো নীতিমালা নেই, ট্যাক্স নেই, লাইসেন্স নেই, নেই নিয়ম–কানুন।
নগর ও জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের মতো গেল এক বছরেও ব্যাটারি চালিত তিনচাকার অটোরিকশা, ইজিবাইক ও নসিমন-করিমন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন । তবে মাঝে মাঝে চালানো হচ্ছে অভিযান। ধরা পড়েছে কিছু ব্যাটারি চালিত অটোরিকশা। কিন্তু তাও আবার কয়েকদিনের মধ্যে জরিমানা দিয়ে ছাড়া পাচ্ছে। ফলে তারা নির্ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাকের ডগায় বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়াচ্ছে।
এদিকে খুলনা সিটি করপোরেশনের মশক নিধনের মতো ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে নেই কোন কার্যকরি পদক্ষেপ। বেপরোয়া গতিতে দাপিয়ে বেড়ানো এই অবৈধ বাহন ধরাধরিতেও নেই কোনো প্রভাব। নগরীতে মশার মতো ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যাও দিনদিন বেড়েই চলেছে। এ সংখ্যা এখন প্রায় লাখ ছাড়িয়ে গেছে বলে খুলনার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অভিমত। তবে পূর্বেই দেশের সর্ব্বোচ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে এই বাহনগুলো চলাচলের। কিন্তু কোন সংস্থায় আদালতের নির্দেশ মানছেন না বলে অভিযোগ করেছেন নাগরিক নেতা এড. বাবুল হাওলাদার।
তিনি বলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, কেসিসি ও সমগ্র জেলার বিশিষ্ট শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে সম্মিলিত প্রচেষ্টায় এর দ্রুত কার্যকরি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এই বাহনগুলো নগরীসহ সমগ্র খুলনায় ঘাতক হিসাবে পরিচিত সাধারণ মানুষের মধ্যে। গত পাঁচ বছর আগেই আদালতের নিষেধাজ্ঞা রয়েছে চলাচলের। কিন্তু এখনো কিভাবে চলাচল করছে সরকারের দ্বায়িত্বশীল সংস্থার নিকট জিজ্ঞাসা সাধারণ মানুষের।
সাধারণ নাগরিকদের অভিযোগ, একটি নিষিদ্ধ যান অলি-গলির ভিতরে কীভাবে চলে । তাদের ভাষায়, একটি অবৈধ জিনিস সর্বত্রই অবৈধ। এটি গলিতে বৈধ হয় কীভাবে?
কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম বলেন, গত এক বছর যাবত এককালীন ১০ হাজার ও বছরে দুই হাজার টাকা নবায়ন ফি দিয়ে বৈধভাবে ব্যাটারি চালিত অটোরিকশা ৭ হাজার ও পণ্যবাহী অটোরিকশা ২ হাজার চলাচলের অনুমোদিত রয়েছে। কিন্তু প্রায় ৩০ হাজারের মতো ব্যাটারি চালিত অটোরিকশা শহরে চলাচল করছে। তবে কেসিসির অনুমোদিত এই সংখ্যক অটোরিকশাকে আরএফআইডি কার্ড দেয়া হচ্ছে। এদের বাইরের সকল অটোরিকশার বিরুদ্ধে শিগগির অভিযান পরিচালনা করা হবে।
তবে তিনি বলেন, পুলিশ, প্রধান নির্বাহী কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা ও সিনিয়র লাইসেন্স অফিসার নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সিদ্ধান্তের মাধ্যমে অভিযান পরিচালিত হবে। তিনি ট্রাফিক বিভাগের অসহযোগিতার অভিযোগ করেন। ইতিপূর্বে তাদের কারণে কেসিসির অভিযান পরিচালিত হলেও ট্রাফিক বিভাগের অসহযোগিতা হেনস্তার শিকার হয়েছেন কেসিসির কর্ককর্তা ও কর্মচারিরা। এ ছাড়াও নগরীতে রয়েছে তিনচাকার নসিমন-করিমনের উপদ্রব।
এই লাইসেন্স অফিসার দাবি করেন, জেলার অধিকাংশ বাহনই নগরীতে প্রবেশ করে সারাদিন চলাচল করছে ও রাতে স্ব স্ব এলাকায় ফিরে যাচ্ছে। এ ব্যপারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যই দায়ী।
জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর কাজী আবু নাঈম বলেন, অদালতের নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু তা কার্যকরি করতে হলে সকলকে এগিয়ে আসতে হবে। পুলিশের একার কাজ না এটি। জেলায় এই অবৈধ বাহন আটক ও নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে। কিছু অটোরিকশা অটক করা হয়েছে । তবে জেলা ট্রাফিক বিভাগের বিরুদ্ধে উৎকোচের বিষয়ে তিনি অস্বীকার করছেন।
অপরদিকে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে পুলিশের লাখ লাখ টাকার বাণিজ্যের অভিযোগ করেছেন ব্যাটারি রিকশা মালিক ও চালক সমিতির একাধিক নেতা। তারা অভিযোগ করেছেন, প্রতিদিন নগরীর থানা এবং ট্রাফিক পুলিশ অনেক ব্যাটারি রিকশা আটক করে। সন্ধ্যার পর একেকটি গাড়ির বিপরীতে হাজার হাজার টাকা আদায় করে তা ছাড়া হয়। ব্যাটারি রিকশা থানা ও ট্রাফিক পুলিশের বাণিজ্যের হাতিয়ার হয়ে উঠেছে বলে তারা ক্ষোভ প্রকাশও করেছেন।
ঝুঁকিপূর্ণ এই বাহনটি ইতোমধ্যে অনেক দুর্ঘটনা ঘটিয়েছে। পুলিশ চাইলে একদিনেই অবৈধ ব্যাটারি রিকশা বন্ধ করতে পারে মন্তব্য করে নগরীর ইমতিয়াজ আহমেদ বলেন, পুলিশ যদি চলতে না দেয় তাহলে কাল সকাল থেকে কী নগরীতে একটি ব্যাটারি রিকশা চলতে পারবে ? কিন্তু খুলনার পুলিশের সেই সদিচ্ছা নাই। কারণ হিসাবে তিনি বলেন, এখনো অনেক পুলিশ কর্মকর্তা ও সদস্য রয়েছে সাবেক সরকারের দোসর। বিধায় কোন কার্যকরি ব্যবস্থা গ্রহন করছেন না তারা। এছাড়া নগরী ও জেলায় রিকশার ব্যাটারি চার্জ করার হাজার হাজার পয়েন্ট রয়েছে। মাত্রারিক্ত বিদ্যুৎ খরচ হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ছেন প্রতিনিয়ত। বিদ্যুৎ বিভাগেরও নেই কোন কার্যকরী পদক্ষেপ। এই সকল পয়েন্টগুলোতে ও সড়কে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সঠিক অভিযান চালানো।
নাগরিক সংগঠনগুলোর নেতারা বলেন, পুরো সেক্টরটিকে একটি নীতিমালার আওতায় আনতে হবে। প্রথমে এটির চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। কোনো অবস্থাতেই মূল সড়কে উঠতে পারবে না। প্রতিটি রিকশার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হবে। ট্যাক্স নিতে হবে। ড্রাইভারের প্রশিক্ষণ ও লাইসেন্স থাকতে হবে। ব্যাটারি রিকশাকে যদি একটি সিস্টেমে আনা যায় তাহলে সরকার ও খুলনা সিটি কর্পোরেশন লাখ লাখ টাকার রাজস্ব আয় করতে পারবে। প্রশিক্ষিত চালক দ্বারা পরিচালিত হলে ঝুঁকিও বহুলাংশে কমে যাবে।











































