বিনোদন ডেস্ক।।
বরেণ্য চলচ্চিত্র অভিনেত্রী শবনম। আজ তার ৮০তম জন্মদিন। দিনটি নিজের মতো করেই কাটাবেন বলে জানালেন এ নায়িকা। এ প্রসঙ্গে মানবজমিনকে শবনম বলেন, সত্যি যদি বলি- এই বয়সে জন্মদিন মানেই মৃত্যুর দিকে অগ্রসর হওয়া। শৈশবে জন্মদিনের স্মৃতি মনে পড়ে কিনা জানতে চাইলে এই কিংবদন্তি অভিনেত্রী বলেন, আমাদের সময় ঘটা করে খুব একটা জন্মদিন পালন হতো না। তবুও আমার জন্মদিন উপলক্ষে আমার মা বাসায় মিষ্টান্ন রান্না করতেন। এবং স্বর্গীয় আমার বাবা-মা দীর্ঘায়ু কামনা করে ভগবানের চরণে ভোগ দিতেন। জন্মদিনে সবার আগে কে শুভেচ্ছা জানায়- এমন প্রশ্নের জবাবে শবনম বলেন, আমার একমাত্র সন্তান আমার পৃথিবী রনি সবার আগে শুভেচ্ছা জানায়। আমার একমাত্র দিদি কলকাতায় থাকেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। তাই এবার জন্মদিনে আমার মনটা খুব একটা ভালো নেই। আমার স্বামী রবিন ঘোষ যতদিন বেঁচে ছিলেন খুব ঘটা করেই দিনটি পালন করতেন। এই বিশেষ দিনে তার কথাও মনে পড়ছে। জন্মদিন উপলক্ষে ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চান? শবনম বলেন, সবার কাছে একটি অনুরোধ করবো। আমার জন্য দোয়া করবেন। যতদিন বাঁচি সুস্থভাবে যেন বেঁচে থাকতে পারি। সুস্থতা অনেক বড় নেয়ামত। এর বেশি কিছু চাওয়ার নেই। আপনাদের আশীর্বাদও আমার এই জন্মদিনের সবচেয়ে মূল্যবান উপহার।











































