যশোর প্রতিনিধি।।
যশোরে পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ’র দুই নেতাকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আজ শুক্রবার সকালে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা বিভাগীয় সম্মেলন চলাকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের ময়নাল হকের ছেলে ও সিবিএর সভাপতি এনামুল হক এবং ভোলা জেলার চরফ্যাশান উপজেলার রসুলপুর গ্রামের মোঃ ইউনূসের ছেলে ও সাধারণ সম্পাদক রোবেল হোসেন।
সূত্র জানিয়েছে, আজ শুক্রবার সকালে যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনের পল্লী সঞ্চয় ব্যাংক সিবিএ’র খুলনা বিভাগীয় সম্মেলন চলচিল। সম্মেলনে সিবিএ সভাপতি এনামুল হক প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক রোবেল হোসেন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। দুপুর ১২টার দিকে যশোর ডিবি পুলিশের একটি টিম সেখান থেকে তাদের আটাক করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে যশোর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মদ বলেন, ‘তারা দুইজনেই যাত্রাবাড়ী থানার একটি মামলার আসামি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় তাদেরকে যশোর ডিবি কার্যালয়ে আনা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’











































