Home Lead সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ‘থ্রি-হুইলার’: ছয় বছরেও কার্যকর হয়নি উচ্চ আদালতের নির্দেশনা

সড়ক-মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ ‘থ্রি-হুইলার’: ছয় বছরেও কার্যকর হয়নি উচ্চ আদালতের নির্দেশনা

22


সৈয়দ রানা কবীর
কথায় আছে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? যেখানে রক্ষকই হচ্ছে ভক্ষক। কে শোনে কার কথা। খোদ আদালতের নির্দেশই অমান্য করে চলেছে বৃহত্তর খুলনা বিভাগের পুলিশের সবগুলো সংস্থা। ছয় বছরেও কার্যকর হয়নি উচ্চ আদালতের নির্দেশনা। ১০ বছর যাবত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রত্যক্ষ মদদে মহাসড়ক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ বাহনগুলো।
খুলনা-যশোর ও খুলনা-বাগেরহাট, মহাসড়কে যত্রতত্র চলছে নসিমন,করিমন স্যালোচালিত ,ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা। মহাসড়কেগুলোতে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তিন চাকার (থ্রি-হুইলার) যান দাপিয়ে বেড়াচ্ছে। যার কারনে বড় যানবাহনের ধাক্কায় ওইসব তিন চাকার যান দুর্ঘটনার শিকার হচ্ছে।
গত দশ বছর পূর্বে থেকে আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সম্পুর্ন নিরব রয়েছে। অভিযোগ রয়েছে পূর্বের ন্যায়ে খুলনার দশ জেলার ট্রাফিক ও থানা পুলিশকে ম্যানেজ করেই চলছে এই সকল অবৈধ যান। দুর্ঘটনার ঝুঁকিতে থাকা তিন চাকার অবাধ চলাচলে ঘটছে অসংখ্য প্রাণহানিও।
দেশের উচ্চ আদালতের ২০১৫ সাল থেকে দেশের ২২টি মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। বিশেষ করে ২০১৯ সালে উচ্চ আদালত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে তিন চাকার এই বাহন না চালানোর নির্দেশ দিয়েছে। কিন্তু সেই নির্দেশ যাদের বাস্তবায়নের দ্বায়িত্ব তারা রয়েছে সম্পূর্ণ নিরব ও নিস্ক্রিয়।
অপরদিকে খুলনা মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে ব্যাটারী চালিত অবৈধ এই বাহন চালাতে আরো উৎসাহিত করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে বয়রা পুলিশ লাইনে এই বাহনের মালিক ও চালকদের ধাপে ধাপে প্রশিক্ষণও দেয়া হয়েছে। এই অবৈধ ও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় বৃহত্তর খুলনাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার বিরাজ করছে।
এ বিষয়ে কেএমপি কমিশনারের সরকারি নম্বরে কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে কেএমপির মিডিয়া সেলের সহকারী কমিশনার খন্দকার হোসেন আহম্মদ বলেন, বর্তমানে কেএমপির পদক্ষেপ গ্রহণে কিছুটা ধীরগতি চলছে। তবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। তা বাস্তবায়নে ট্রাফিক বিভাগকে নির্দেশ দেয়া আছে। হাইওয়ে পুলিশের এগুলো দেখভাল ও কার্যকরি ব্যবস্থা গ্রহণের দ্বায়িত্ব। তারা বিষয়টি হয়তো তেমন গুরুত্ব দিচ্ছে না। তিন চাকার এই বাহন গুলো সড়কে খুবই বেপরোয়া চলাচল করে।
তিনি বলেন, শিগগির এ বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে। কেএমপি কমিশনার সরকারি কাজে ব্যস্ত থাকায় তিনি ফোন রিসিভ করতে পারছেন না।
দুরপাল্লার চালকেরা অভিযোগ করেন মহাসড়কে বর্তমানে অবাধে চলছে নসিমন করিমন, সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা। তারা অভিযোগ করেন ট্রাফিক পুলিশ ও থানা পুলিশকে ম্যানেজ করে এ সকল অবৈধ বাহনগুলো দাপিয়ে বেড়াচ্ছে পুরো সড়ক ও মহাসড়ক জুড়ে।
মহাসড়কে চলাচলকারি দ্রুতগামি একাধিক বাস, ট্রাক, পিকআপ চালকরা জানান, তিন চাকার অবৈধ বাহনের বেপরোয়া গতিতে চলাচলের অত্যাচারে অতিষ্ট তারা। ড্রাইভিং প্রশিক্ষণ ও সিগন্যাল না বুঝেই হঠাৎ করে মহাসড়কে ওঠে পড়ে। তখন বড় গাড়ি নিয়ন্ত্রণ করাটা কঠিন হয়ে পড়ে। আইন অমান্য করে মহাসড়কের পাশে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করায়।
বাস ও ট্রাক চালকরা আরো বলেন, দুর্ঘটনা ঘটলে যত দোষ বড় গাড়ির চালকের। এসব তিন চাকার নিষিদ্ধ যান রক্ষা করতে গিয়ে অনেক সময় বড় গাড়ি খাদে পড়ে যায়, বা উল্টে যায়। তখনও দোষ হয় বাস ও ট্রাক চালকদের।
এ দিকে ঝুঁকি নিয়ে মহাসড়কে চলাচলকারি তিন চাকার বাহনের কয়েকজন চালক জানায়, যাত্রীদের জন্য আর নিজেদের পেটের দায়ে তাদেরকে মহাসড়কে ওঠতে হয়। তবে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ম্যানেজ করে চলছে বলে জানান।
খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সেখ শহিদুল ইসলাম ও বাস ট্রাক মালিক শ্রমিক ফেডারেশনের নেতা আব্দুর রহিম বক্স দুদু বলেন, দীর্ঘ দিন আদালতের এই নির্দেশ বাস্তবায়নের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নিকট একাধিক বার আবেদন করা হয়েছে। একাধিক পত্রও দেয়া হয়েছে। কিন্তু এখনও তারা এ বিষয়ে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করেনি। সংগঠনের পক্ষ থেকে একাধিকবার মানববন্ধনসহ নানা রকম কর্মসূচিও পালন করা হয়েছে তাতেও আইনশৃঙ্খলা বাহিনীর কোন সংস্থাই কোন কর্ণপাত করেনি। তারা শুধুই বার বার আশ্বাসের বাণী শুনিয়েছে। কাজের কাজ কিছুই করেনি। সব থেকে বড় কথা হলো দেশের উচ্চ আদালতের নির্দেশ রয়েছে। যা বাস্তবায়নের দ্বায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কিন্তু তারা তা বাস্তবায়ন করতে সম্পূর্ণ ব্যর্থ বলে অভিযোগ করেন।
এই শ্রমিক নেতা আরো বলেন, এই অবৈধ বাহনের জন্য সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা ঘটছে অহরহ। এতে অসংখ্য মানুষের প্রাণহানি হচ্ছে। কিন্তু হাইওয়ে ও ট্রাফিক পুলিশ সব সময় থাকছে নিরব ও নিস্ক্রিয়। এ সকল কারণে এখন পরিবহন মালিক- শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিধায় এখন তারা সারাদেশে এই অবৈধ বাহন চলাচল বন্ধে ধর্মঘটে যাচ্ছে।