Home খেলাধুলা শেখ তৈয়েবুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে বিসমিল্লাহ ওষুধ ঘরের...

শেখ তৈয়েবুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন: উদ্বোধনী ম্যাচে বিসমিল্লাহ ওষুধ ঘরের জয়

6

ক্রীড়া প্রতিবেদক

সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করেন সাবেক মেয়র ও নগর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিসমিল্লাহ ওষুধ ঘর বনাম বাংলা একাদশ। খেলায় বিসমিল্লাহ ওষুধ ঘর ৪-১ গোলে বাংলা একাদশকে পরাজিত করে পুর্ণ পয়েন্ট অর্জন করে। দলের পক্ষে কামরুল একাই করেন দু’গোল, একটি করে গোল করেন রুবেল ও সাব্বির। বাংলা একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন লাভলু। খেলায় রেফারী ছিলেন আশরাফুল আলম বাবুল। টুর্ণামেন্টে মোট ৬টি দল অংশ নিচ্ছে। বাকি ৪টি দল হলো সেভেন স্টার, ইব্রাহিম টেলিকম, ড্রীম ডায়নামাইড ও এপি একাদশ।
এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা নেত্রী রেহেনা ঈশা, কাওসারী জাহান মঞ্জু, মুন্নি জামান, রুমানা আফরোজ ন্যান্সি, মো. শহিদুল ইসলাম, নুর আলম, জহুরুল ইসলাম জনি, মেহেদী হাসান লাভলু, জহুরুল ইসলাম লাভলু, সালমান দাণী, এম জোবায়রুল ইসলাম, এম আজিজুর রহমান, আকাশ, প্রদীপ প্রমুখ।

উয়েফা সুপার কাপ চ্যাম্পিয়ন বায়ার্ন

ক্রীড়া প্রতিবেদক

করোনা-শঙ্কার মধ্যেই অবশেষে ইউরোপিয়ান ফুটবলে দেখা মিলল মাঠের দর্শকের। বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ২০ হাজার দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দিয়েছিল উয়েফা। আর দর্শকদের কোলাহলে চাঙা স্টেডিয়ামে সেভিয়াকে ২-১ গোলে হারিয়ে উয়েফা নেশনস কাপের শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। কোচ হ্যান্সি ফিকের অধীনে পূর্ণ করেছে ‘কোয়াড্রাপল’।
বাভারিয়ানরা এখন টানা ৩২ ম্যাচে অপরাজিত। গত বছরের নভেম্বরে ফিক দায়িত্ব নেয়ার পর ঘরোয়া লিগ, কাব ডাবল এবং চ্যাম্পিয়নস লিগ জিতেছে বায়ার্ন মিউনিখ। সর্বশেষ তারা হার দেখেছিল ২০১৯ সালের ডিসেম্বরে। এরপর ৩২ ম্যাচে ৩১ জয় এবং একটি ড্র। বৃহস্পতিবার রাতের ম্যাচে অবশ্য প্রথমে এগিয়ে গিয়েছিল সেভিয়াই। লুকাস ওকাম্পোসের গোলের পর বায়ার্নকে সমতায় এনে দেন লেয়ন গোরেটস্কা। তবে আসল ব্যবধানটা গড়ে দিয়েছেন বদলি খেলোয়াড় হাভি মার্তিনেস। অতিরিক্তি সময়ে নেমে দলকে জয়সূচক গোলটি এনে দেন তিনি। ম্যাচের ১৩ মিনিটে ইভান রাকিতিচকে ডি-বক্সের মধ্যে ফেলে দেন বায়ার্ন ডিফেন্ডার দাভিদ আলাভা। স্পট কিকে দলকে এগিয়ে নিতে ভুল করেননি আর্জেন্টাইন মিডফিল্ডার ওকাম্পোস। ৩৪তম মিনিটে বায়ার্নকে ম্যাচে ফেরান গোরেটস্কা। সতীর্থের ক্রস ডি-বক্সের ভেতর পেয়ে ভলিতে তার সামনে বাড়ান লেভানদোভস্কি। ডান পায়ের শটে বল জালে জড়ান জার্মান মিডফিল্ডার গোরেটস্কা।
দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় আরও এক গোল পেতে পারতো বায়ার্ন। কিন্তু লেভানদোভস্কি বল জালে পাঠিয়ে উদযাপনে মাতলেও অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। নির্ধারিত সময়ে ১-১ সমতা ছিল দুই দলের। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। আর ওই সময়েরই ১৪ মিনিটের মাথায় গোল করে বসেন বায়ার্নের বদলি খেলোয়াড় মার্তিনেস। আলাবার শট গোলরক্ষক ঠিকমতো কিয়ার করতে না পারলে ফিরতি হেডে বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার।

শেখ হাসিনা দাবায় পিছিয়ে পড়েছে বাংলাদেশিরা

ক্রীড়া প্রতিবেদক

জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড শেষে শীর্ষ ছয়ে বাংলাদেশের ২জন থাকলেও চতুর্থ রাউন্ড থেকে পিছিয়ে পড়তে থাকেন স্বাগতিক দাবাড়ুরা। ষষ্ঠ রাউন্ড শেষে শীর্ষে নেই বাংলাদেশের কোনো প্রতিযোগী। টুর্নামেন্ট যতই শেষের দিকে গড়াচ্ছে বাংলাদেশের দাবাড়ুরা ততই পিছিয়ে পড়ছেন।
আজ শনিবার শেষ হবে ৯ রাউন্ডের এ প্রতিযোগিতা। গতকাল শুক্রবার টুর্নামেন্টের ষষ্ঠ রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে নেমে গেছেন ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, যিনি তৃতীয় রাউন্ড শেষে ৬জনের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব দুইয়ে ছিলেন তৃতীয় রাউন্ড শেষে। প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষে রাজীব ৪ পয়েন্ট নিয়ে নেমে গেছেন ১৪ নম্বরে। রাজীব চতুর্থ রাউন্ডে হেরেছেন ইন্দোনেশিয়ার নভেন্দ্রের কাছে, পঞ্চম রাউন্ডে হেরেছেন ভারতের শেখ মোহাম্মদ নুবাইর শাহ’র কাছে এবং ষষ্ঠ রাউন্ডে হারিয়েছেন মালদ্বীপের মোহাম্মদ সুয়ায়ুকে।

বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় লঙ্কান বোর্ড

ক্রীড়া প্রতিবেদক

শোনা গিয়েছিল, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) নাকি দুই ভাগে ভাগ করে কোয়ারেন্টিনের প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। খবরটির সত্যতা নিশ্চিত হওয়া না গেলেও বিসিবি কিন্তু নিজেদের কাজ ঠিকঠাক করে যাচ্ছে। ২০ সেপ্টেম্বর থেকে হোটেলে চলছে খেলোয়াড়দের কোয়ারেন্টিন। আবার নতুন খবর লঙ্কান বোর্ড নাকি নতুন প্রস্তাব পাঠিয়েছে, তারা এখন বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায়।
শ্রীলঙ্কান দৈনিক ডেইলি মিররের খবর, ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এসে যাবে। যদিও যার বরাত দিয়ে সংবাদমাধ্যমটি খবরটি ছেপেছে, সেই সূত্রটি সিরিজ আয়োজনের পক্ষেই কথা বলেছেন। সূত্রের বিশ্বাস, নতুন প্রস্তাবে রাজি হয়ে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে আসবে বাংলাদেশ দল। ১৪ দিনের কোয়ারেন্টিনের যে কড়া গাইডলাইন শুরুতে পাঠিয়েছিল এসএলসি, পরদিনই বিসিবি সেটি প্রত্যাখ্যান করে স্পষ্ট জানিয়ে দেয়, এই শর্তে তারা শ্রীলঙ্কায় যাবে না। বৃহস্পতিবার রাতে নাকি এসএলসি নতুন প্রস্তাব ও গাইডলাইন পাঠিয়েছে। এখন অপেক্ষায় আছে বাংলাদেশের সিদ্ধান্ত জানার।

টাইগারদের ব্যাটিং কোচ জন লুইস

ক্রীড়া প্রতিবেদক

তবে কি ক্রেইগ ম্যাকমিলান উপাখ্যান শুরুর আগেই শেষ? দক্ষিণ আফ্রিকান নেইল ম্যকেঞ্জির বদলে দায়িত্ব পাওয়া নিউজিল্যান্ডের ক্রেইগ ম্যাকমিলানের বদলে কি নতুন কেউ হচ্ছেন টাইগারদের ব্যাটিং কোচ? অবস্থাদৃষ্টে তাই মনে হচ্ছে।
নিজ পিতাকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত কিউই ম্যাকমিলান শ্রীলঙ্কা সফরে যেতে অপারগতা প্রকাশের পর থেকেই শোনা যাচ্ছিলো বিসিবি অন্য কাউকে খুঁজছে। সেই নতুন কারও তালিকার অন্যতম নামটি হলো জন লুইস। এ ইংলিশ ব্যাটিং কোচের দিকে নজর বিসিবির।

প্রো লাইসেন্স পেয়েছেন জেমি ডে

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ফুটবল দলের ডাগআউটে দাঁড়াতে হলে প্রো লাইসেন্স সনদ থাকতেই হবে। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা দুই বছর আগে বেঁধে দিয়েছে এ নিয়ম। তার পর থেকেই প্রো লাইসেন্স কোর্স শুরু করেছিলেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। জুলাইয়ে তিনি কোর্সের পরীক্ষায় পাস করেছেন। ফিফার নির্দেশনা জারির পর থেকে কোর্স করার জন্য জেমিকে মাঝে মধ্যে ইংল্যান্ড যেতে হয়েছিল। কখনও বাংলাদেশে, কখনও লন্ডনে-এভাবে পরিশ্রম করে অবশেষে বাংলাদেশ কোচের প্রচেষ্টা সফল হয়।
২০১৮ সাল থেকে বাংলাদেশের ফুটবলে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন এই ব্রিটিশ। দুই বছর শেষ হওয়ার পর নতুন করে আরও দুই বছরের জন্য বাংলাদেশে ফুটবল ফেডারেশনের সাথে চুক্তি করেছেন জেমি। আগস্টের মাঝামাঝিতে ঢাকায় আসার কথা ছিল জেমির। কিন্তু বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের বাকি চার ম্যাচ পিছিয়ে ২০২১ সালে চলে যাওয়ায় আসা হয়নি তার।

হারের সঙ্গে কোহলির কপালে জুটল শাস্তিও

ক্রীড়া প্রতিবেদক

বৃহস্পতিবারের রাতটা নিশ্চয়ই ভুলেই যেতে চাইবেন বিরাট কোহলি। এমন একটা ম্যাচ গেল, যেখানে পা দিয়েছেন সেখানেই হোঁচট। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে হারের পর রীতিমত ‘খলনায়ক’ বনে গেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক। এর সঙ্গে যোগ হলো নতুন শাস্তি।
অথচ প্রথম ম্যাচে জয় দিয়েই এবারের আইপিএল মিশন শুরু করেছিল ব্যাঙ্গালুরু। দ্বিতীয় ম্যাচে এসে মুদ্রার অপর পিঠটাও দেখে ফেললেন কোহলি। অধিনায়ক হিসেবে সব বিভাগেই ‘ফেল’ করলেন। সেই সঙ্গে স্লো ওভার রেটের জন্য জরিমানা হলো ১২ লাখ রুপি। যে লোকেশ রাহুল বিধ্বংসী সেঞ্চুরিতে পাঞ্জাবকে ২০৬ রানের পুঁজি এনে দিয়েছিলেন, তার ক্যাচ দুইবার ফেলেছেন কোহলি। পরে ব্যাট হাতেও করলেন মাত্র ১ রান। ব্যাঙ্গালুরু ম্যাচটা হেরেছে ১০৯ রানের বিশাল ব্যবধানে।

আফগানিস্তান টেস্ট স্থগিত করলো অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাঠে গিয়ে টেস্ট, সূচি ঘোষণা হওয়ার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সে কী আনন্দ! টেস্ট স্ট্যাটস পাওয়ার তিন বছরের মাথায় অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট খেলার সুযোগ তো খুব বেশি দলের নেই। কিন্তু বিধিবাম, আনন্দের মুহূর্তগুলো ছেয়ে যাচ্ছে বিষাদের কালো মেঘে। করোনাভাইরাসের কারণে সূচি মেলাতে না পারায় আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচটি স্থগিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় গিয়ে একটি টেস্টই খেলার কথা ছিল আফগানদের। ম্যাচের ভেন্যু ছিল সিডনি। কিন্তু ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান সরকারের কোভিড-১৯ নিয়ে কড়াকড়ি থাকায় ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। রাজ্য সরকার কোয়ারেন্টিন পিরিয়ডের সময় কোনোভাবেই আফগানদের অনুশীলনের অনমুতি দিতে রাজি নয়। কোয়ারেন্টিন শেষ করে অনুশীলনে নামতে চাইলে ম্যাচ আয়োজনে দেরি হয়ে যাবে, সেক্ষেত্রে পরবর্তী সূচি মেলানো কঠিন হয়ে যাচ্ছে সিএ’র। যে কারণে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। পরে সুবিধাজনক সময়ে তারা টেস্ট ম্যাচটি আয়োজন করতে চায়। তবে সেটি ২০২১-২২ মৌসুমে সম্ভব হবে না। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার আশা, ২০২৩ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হওয়ার আগেই ম্যাচটি আয়োজন করতে পারবে তারা।

নিউজিল্যান্ড সফরের অনুমতি পেল পাকিস্তান-উইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস পরিস্থিতিতে এখনও নিউজিল্যান্ডের সীমান্ত বন্ধ। এর মাঝেই পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে সেখানে সফরের অনুমতি দিয়েছে দেশটির সরকার। আগামী নভেম্বরে নিউজিল্যান্ডে ফিরতে পারে ক্রিকেট।
পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি করে টেস্ট ও তিনটি করে টি-টোয়েন্টি খেলবে। বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজও আয়োজন করতে আশাবাদী নিউ জিল্যান্ড ক্রিকেট। ইংল্যান্ডের মতো জৈব-সুরক্ষা বলয় তৈরি করে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজগুলো আয়োজন করার পরিকল্পনার কথা গত মাসে বলেছিল নিউ জিল্যান্ডের বোর্ড।

লিগ কাপের চতুর্থ রাউন্ডে টটেনহাম

ক্রীড়া প্রতিবেদক

এমন কিছু যে হতে যাচ্ছে তা আগে থেকেই বোঝা যাচ্ছিল। ইংলিশ লিগ কাপে ‘বাই’পেয়ে চতুর্থ রাউন্ডে উঠেছে টটেনহাম। লেইটন ওরিয়েন্টের বেশ কয়েকজন খেলোয়াড় করোনা পজিটিভ হওয়াতেই নির্ধারিত ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে শেষ পর্যন্ত। করোনা সংক্রমণের খবর জানিয়ে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেই ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়েছিল।
সাধারণত প্রিমিয়ার লিগের মতো লিগ কাপে করোনা পরীক্ষা বাধ্যতামূলক নয়। সেই কারণে ম্যাচ হওয়ার আগে লেইটনের সবার করোনা পরীক্ষার উদ্যোগ নেয় টটেনহাম। স্পাররা নিশ্চিত হতে চেয়েছিল, কোনও ধরনের ঝুঁকি রয়েছে কিনা। আর এই পরীক্ষার সব অর্থই ব্যয় করেছিল স্পাররা। সেই পরীক্ষার ফলাফলের পরেই আলোচনা চলছিল, ম্যাচটি পুনরায় হবে নাকি স্পারদের বাই দেওয়া হবে। কিন্তু ইংলিশ ফুটবল লিগ আইন মেনেই ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেয়। একই কারণে শনিবার ওয়ালসালের বিপক্ষে ওরিয়েন্টের অপর ম্যাচটিও স্থগিত করেছে কর্তৃপক্ষ। বিবিসি জানিয়েছে, ওরিয়েন্টের ১৭জন সদস্য করোনা পজিটিভ! এই অবস্থায় স্পাররা মঙ্গলবার শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে চেলসির।

লিভারপুল ও ম্যানসিটির জয়

ক্রীড়া প্রতিবেদক

নতুন মৌসুমে লিভারপুলের দাপট চলছেই। প্রিমিয়ার লিগের পর ইংলিশ লিগ কাপেও নিজেদের শক্তি দেখালো অলরেডস। প্রতিযোগিতাটির তৃতীয় রাউন্ডে দ্বিতীয় বিভাগের দল লিঙ্কন সিটিকে ৭-২ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ডের চ্যাম্পিয়নরা। তাদের প্রিমিয়ার লিগ প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি অল্পের জন্য রক্ষা পেয়েছে। লিগ কাপের বর্তমান চ্যাম্পিয়নরা ২-১ গোলে হারিয়েছে বোর্নমাউথকে।
বৃহস্পতিবার রাতে লিঙ্কনের মাঠে গোল উৎসব করেছে লিভারপুল। চেলসির বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচের স্কোয়াডের ১০ জনকে বিশ্রাম দিয়ে দল সাজিয়েছিলেন ইয়ুর্গেন কপ। সেই দলটিও দাপট দেখিয়েছে দুর্দান্ত ফুটবলে। একের পর এক বল জড়িয়েছে প্রতিপক্ষের জালে। গোলের শুরুটা করেছিলেন জেরদান শাকিরি। এরপর জোড়া গোল পেয়েছেন তাকুমি মিনামিনো ও কার্টিস জোন্স। তাদের সঙ্গে একবার করে জাল খুঁজে পেয়েছেন মার্কো গ্রুইজিচ ও ডিভক ওরিকি। লিভারপুলের গোল উদযাপনের মাঝে দুইবার লক্ষ্যভেদ করেছিল স্বাগতিক লিঙ্কন। দাপুটে জয় পাওয়া লিভারপুলকে চতুর্থ রাউন্ডেই দিতে হবে কঠিন পরীক্ষা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে আর্সেনাল, যারা লিস্টার সিটিকে হারিয়ে উঠেছে চতুর্থ রাউন্ডে।
ম্যান সিটিকে অবশ্য বেশ ঘাম ঝরাতে হয়েছে। ঘরের মাঠেও তাদের জয় পেতে অপেক্ষা করতে হয়েছে ৭৫ মিনিট পর্যন্ত। অবশ্য পেপ গার্দিওলা উলভসের বিপক্ষে ৩-১ গোলের জেতার ম্যাচের মাত্র তিনজনকে রেখেছিলেন স্কোয়াডে। সেখানে অভিষেকে আলো ছড়িয়েছেন লিয়াম ডেলাপ। ১৭ বছর বয়সী ফরোয়ার্ডের গোলেই ১৮তম মিনিটে এগিয়ে যায় সিটিজেনরা। কিন্তু মিনিট চারেক পরই বোর্নমাউথ সমতায় ফেরে স্যাম সুরিজ জাল খুঁজে পেলে। বাধ্য হয়ে গার্দিওলাকে মাঠে নামাতে হয় কেভিন ডি ব্রুইন ও রহিম স্টার্লিংকে। তাতে দলের শক্তি বাড়লে ৭৫ মিনিটে গিয়ে জয় নিশ্চিত করতে পারে সিটিজেনরা। তাদের জয়ের নায়ক ফিল ফডেন। এ নিয়ে লিগ কাপের চ্যাম্পিয়নরা প্রতিযোগিতাটিতে জিতলো টানা ১৬ ম্যাচ। টানা জয়ে তাদের চেয়ে এগিয়ে কেবল লিভারপুল (২৫) ও নটিংহাম ফরেস্ট (১৭)। চতুর্থ রাউন্ডে ম্যান সিটির প্রতিপক্ষ বার্নলি।

কিউইদের অস্ট্রেলিয়া সফর স্থগিত

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে নিউজিল্যান্ডে। দেশটির সরকার সিরিজ আয়োজনের অনুমতি দিয়েছে। এই সুখবরের মধ্যেই আবার শুনতে হয়েছে দুঃসংবাদ। সামনের বছরের শুরুতে সীমিত ওভারের সিরিজ খেলতে তাদের অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা থাকলেও সিরিজটি স্থগিত হয়ে গেছে।
কোয়ারেন্টিন ও আইসোলেশনের পরিকল্পনা যাচাই-বাছাইয়ের পর নিউজিল্যান্ড সরকার সিরিজ আয়োজনের সবুজ সংকেত দিয়েছে। গ্রীষ্মকালীন মৌসুমে কিউইরা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজনে আগ্রহী। একই সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশের বিপক্ষে সিরিজটিও আয়োজন করার ব্যাপারে আশাবাদী। এই সময়কালে আরও থাকছে অস্ট্রেলিয়া পুরুষ ও মহিলা দল এবং ইংল্যান্ড মহিলা দলের সফরও। নিউজিল্যান্ড সফরে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলবে। একই সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট চেষ্টা করবে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজটি আয়োজন করার। সরকারের অনুমতি পাওয়ার পর নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট বলেছেন, ‘এটা আমাদের জন্য বিশাল পাওয়া, বিশেষ করে আর্থিক দিক থেকে। নিউজিল্যান্ডের সব খেলার তহবিল আসে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই। তাই আমাদের জন্য আন্তর্জাতিক ক্রিকেট খুব গুরুত্বপূর্ণ।’