ঝিনাইদ প্রতিনিধি।।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে সশস্ত্র হামলার চেষ্টাকালে তিনজনকে ডাকাত সন্দেহে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, আট রাউন্ড গুলি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন উপজেলার দক্ষিণ মনোহরপুর গ্রামের সানাউল্লাহ মিয়ার ছেলে সাইফুল ইসলাম পাভেল, আজগর আলী শেখের ছেলে আলী রাজ শেখ ও মৃত কিয়াম উদ্দিনের ছেলে সোবাদ আলী মোল্লা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শেখড়া গ্রামের জিয়া মন্ডলের সঙ্গে সাইফুল ইসলাম পাভেলের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে জিয়া মন্ডল ও তার লোকজন পাভেলের বাবা সানাউল্লাহকে মারধর করেন। এর জেরে রাত সাড়ে ১১টার দিকে পাভেল লোকজন নিয়ে জিয়ার বাড়িতে গিয়ে ধাক্কাধাক্কি করেন। ওই সময় জিয়ার বাড়ির লোকজন ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পাভেলসহ তিনজনকে ধরে গণপিটুনি দেয়।
পরে স্থানীয়রা পাভেল, আলী রাজ ও সোবাদ আলীকে আটক করে সেনাবাহিনীকে খবর দেয়। শৈলকুপা আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র ও মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে শৈলকুপা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ‘অস্ত্রসহ আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’











































