Home আঞ্চলিক খুলনায় ছাতা তৈরি কারখানার আগুন

খুলনায় ছাতা তৈরি কারখানার আগুন

32

স্টাফ রিপোর্টার।।
মধ্যরাতে খুলনা মহানগরীর মির্জাপুর এলাকার একটি ছাতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত দেড়টার দিকে নগরীর বড় মির্জাপুর এলাকার পাঁচতলা বিল্ডিংয়ের ৩ তলায় আব্দুর রহমানের মালিকানাধীন রহমান ছাতা কম্পানির কারখানায় আগুন লাগে।

স্থানীয়রা জানান, আগুন দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে একে একে ৮টি ইউনিট সেখানে গিয়ে ভোর পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যায়। পরে খুলনা সদর, টুটপাড়া ও খালিশপুর থেকে আরো ৫টি ইউনিট যোগ দেয়। রাত সাড়ে ৩টার দিকে আরো একটি ইউনিট অর্থাৎ মোট ৮টি ইউনিট চেষ্টা করে। আগুন লাগার কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলেও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।

ভোর পৌনে ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।’


ফায়ার সার্ভিসের তথ্য মতে, আগুনে দুটি বিল্ডিংয়ের ৫টি তলা পুড়ে গেছে। প্রথম ৫ তলা বিল্ডিংটির ৩ তলা ও ৪ তলা এবং পার্শ্ববর্তী একটি ৫ তলা বিল্ডিংয়ের ৩, ৪ ও ৫ তলা পুড়ে গেছে। সেখানে রহমান ছাতা কম্পানির কারখানার পাশাপাশি গোডাউনও ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় উপ-পরিচালক মো. মতিউর রহমান বলেন, ‘ভবনটি ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনের বিভিন্ন গেটে তালা থাকায় দ্রুত ভেতরে প্রবেশ করা যায়নি।’