স্পোর্টস ডেস্ক।।
ত্রিদেশীয় সিরিজের প্রাথমিক পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়বারের মতো হারল দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার হারারেতে টিম সাইফার্টের দারুণ ব্যাটিংয়ে ৭ উইকেটের বড় জয় পেয়েছে কিউইরা। ১৩৪ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ২৫ বল হাতে রেখেই।
আগামী শনিবার এই দুই দল মুখোমুখি হবে ফাইনালে। প্রাথমিক পর্বে দুই দেখায়ই জিতে মানসিকভাবে এগিয়ে থাকছে স্যান্টনারের দল।
ম্যাচের নায়ক ছিলেন টিম সাইফার্ট। ওপেনার এই ব্যাটার ৪৮ বল খেলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, হাঁকান ২ ছক্কা ও ৬টি চার। ইনিংসের শেষ দিকে জয়সূচক চারও এসেছে তার ব্যাট থেকেই। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন ড্যারিল মিচেল, ১৫ বলে অপরাজিত ২০ রানের ইনিংস খেলেন তিনি। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৫১ রান।
তবে জয়ের ভিত গড়ে দেন কিউই বোলাররাই। শুরু থেকেই চাপ তৈরি করে তারা থামিয়ে দেন দক্ষিণ আফ্রিকাকে। দুটি করে উইকেট নেন জ্যাকব ডাফি, অ্যাডাম মিল্ন ও মিচেল স্যান্টনার। উইল ও’রোক পান একটি উইকেট। উইকেটশূন্য থাকলেও কিপটে বোলিং করেন জ্যাক ফউকস—৩ ওভারে মাত্র ১২ রান দেন তিনি।
টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। পাওয়ার প্লেতে তারা করতে পারে মাত্র ৩৪ রান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় প্রোটিয়ারা। ৩৭ বলে ৪১ রানের ইনিংস খেলেন ওপেনার রিজা হেনড্রিকস, তিনিই ছিলেন দলের সেরা ব্যাটার। শেষ দিকে জর্জ লিন্ডার ১৫ বলে ২৩ রানের ঝড়ো ইনিংসে দলকে ১৩৪ পর্যন্ত টেনে তোলেন।
জবাবে নিউজিল্যান্ড শুরুতেই পায় বড় জীবনদান। প্রথম ওভারেই লিন্ডার বলে সাইফার্টের সহজ ক্যাচ ফেলেন আন্দিলে সিমেলানে। সেই সুযোগের পুরোপুরি ফায়দা নেন কিউই ওপেনার।
সাইফার্ট-ডেভন কনওয়ের উদ্বোধনী জুটিতে আসে ৫১ রান। এরপর কিছুক্ষণ ব্যবধানে কনওয়ে (১৯), রাভিন্দ্রা ও চ্যাপম্যান ফিরে যান। তবে এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি কিউইদের। সাইফার্ট-মিচেল মিলে নিশ্চিত করেন দলের জয়।
এই জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে নিউজিল্যান্ড। এখন দেখার বিষয়, ফাইনালেও কি তারা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জয়ের উৎসবে মাতে!











































