অনলাইন ডেস্ক।।
বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করতে যাচ্ছে চীন। ইতিমধ্যে এ বিষয়ে অনুমোদনও দিয়েছে দেশটির সরকার। বৃহৎ এই জলবিদ্যুৎ প্রকল্পে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১৭০ মিলিয়ন ডলার। যা প্রতিবছর বৃটেনে বিদ্যুৎ সরবরাহের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। তবে প্রকল্পটির কারণে প্রতিবেশী দেশগুলোতে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মধ্যে উদ্বেগ সবচেয়ে বেশি। চীনের ইয়ারলুংজাংবো নদটি এ দুই দেশে ব্রহ্মপুত্র নামে পরিচিত।
চীন আসলে কিসের অনুমতি দিয়েছে: ওই পরিকল্পনায় তিব্বতীয় মালভূমি থেকে ২ হাজার মিটার দূরে নদীর ৫০ কিলোমিটার অংশে পাঁচটি বাঁধ নির্মাণের কথা বলা হয়েছে। ২০৩০ সালের শুরু থেকে মাঝামাঝি সময়ে ওই প্রকল্প থেকে প্রথম বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ওই প্রকল্প কীভাবে তৈরি হবে চীন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
প্রতিবেশী দেশগুলোর উদ্বেগের কারণ কী: তথ্য ঘাটতির কারণে বাংলাদেশ ও ভারতে পানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, সেচ, জলবিদ্যুৎ ও খাবার পানির জন্য দুই দেশের মানুষই ব্রহ্মপুত্রের ওপর নির্ভরশীল। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খানডু এ বছরের শুরুতে বলেছেন, বাঁধ তৈরির কারণে অরুণাচল প্রদেশের ৮০ শতাংশ এলাকা শুকিয়ে যেতে পারে। এছাড়া আসাম প্রদেশের মতো এলাকা প্লাবিত হতে পারে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল স্টেকার বলেছেন, বাঁধ নির্মাণের ফলে পানির পাশাপাশি নিন্মভূমিতে পলি প্রবাহ হ্রাস পাবে। ১৯৬০ সালে ভারত ও চীন সীমান্ত যুদ্ধে লিপ্ত হয়। আরিজোনা বিশ্ববিদ্যালয়ের ভারত-চীন জল সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ সায়াংশু মোদক বলেছেন, চীনের অসচ্ছতা এ ধারণাকে আরও উস্কে দিয়েছে যে, বাঁধ নিয়ে দেশ দুটির মধ্যে আরও একটি যুদ্ধ হতে পারে। বেইজিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বলা হয়েছে, ওই বাঁধ স্বচ্ছ বিদ্যুৎ সরবরাহ করবে এবং বন্যা প্রতিরোধ করবে। মন্ত্রণালয়ের তরফে আরও বলা হয়েছে, জলবিদ্যুৎ প্রকল্পের বিষয়ে ভাটির দেশগুলোর সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করেছে চীন। ভারতের পররাষ্ট্র ও পানি মন্ত্রণালয় অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভারতের মতো বাংলাদেশও ওই প্রকল্প দ্বারা প্রভাবিত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। খেলাধুলা সম্পর্কিত স্মার্টওয়াচ
এ বিষয়ে বিতর্ক সাধারণ বিষয়: বাঁধ ও পানি নিরাপত্তা নিয়ে বিতর্ক এবারই নতুন নয়। এর আগে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি বাতিল করে ভারত। এর পরিপ্রেক্ষিতে ভারতের বিরুদ্ধে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগ করেছে পাকিস্তান। মিশরে এক সিনিয়র রাজনীতিবিদের বিরুদ্ধে বিতর্কিত নীল নদের ওপর ইথিওপিয়ার প্রস্তাবিত বাঁধে বোমা ফেলার অভিযোগ আনা হয়।
ভূমিকম্প ও চরম আবহাওয়া ঝুঁকি: বাঁধটি এমন এক এলাকায় নির্মাণ করা হচ্ছে যা ভূমিকম্প প্রবণ। এছাড়া সেখানে ভূমিধস, বন্যা হওয়ার শঙ্কাও আছে। ওই এলাকায় বাঁধ নির্মাণে তিব্বতের নিরাপত্তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।











































