Home জাতীয় তরুণকে জিম্মি করে ব্যাংকের বুথ থেকে ৬ লাখ টাকা তুলে নিল দুর্বৃত্তরা

তরুণকে জিম্মি করে ব্যাংকের বুথ থেকে ৬ লাখ টাকা তুলে নিল দুর্বৃত্তরা

12

খুলনাঞ্চল রিপোর্ট
গাজীপুরের শ্রীপুরে শাহজাহান বাদশা (২৮) নামের এক তরুণকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও বেসরকারি বিভিন্ন ব্যাংকের বুথ থেকে ছয় লাখ টাকা তুলে নিয়েছে দুর্বৃত্তরা। পরে তাকে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্ত দলটি। শনিবার রাতে উপজেলার মাওনা এলাকায় এ ঘটনা ঘটে।
শাহজাহান বাদশা উপজেলার মুলাইদ এলাকার মো. বাবুলের ছেলে। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাড়ি ফেরেন তিনি।
শাহজাহান বাদশা জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে জরুরি কাজে তিনি ঢাকার উদ্দেশে রওনা করেছিলেন। পথে মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের উত্তর পাশে ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় একটি প্রাইভেট কারের চালক ঢাকার উদ্দেশে যাত্রী তুলছিলেন। তার সামনে কয়েকজন যাত্রী ওই প্রাইভেট কারে উঠতে দেখেন। ফলে নিরাপদ ভেবে তিনিও ওই প্রাইভেট কারে ওঠেন।
প্রাইভেট কারটি মাওনা চৌরাস্তা পার হওয়ার পরই ভেতরে থাকা যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। তারা (দুর্বৃত্তরা) তার কাছে থাকা ৫০ হাজার টাকা, মোবাইল ফোনসেট, চারটি ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড নিয়ে নেয়।
এরপর হত্যার হুমকি দিয়ে কার্ডগুলোর পিন নম্বর নিয়ে আশপাশের বিভিন্ন বুথ থেকে পর্যায়ক্রমে ৬ লাখ টাকা তুলে নেয় দুর্বৃত্তরা। পরে রাত ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী এলাকায় প্রাইভেট কার থেকে তাকে ফেলে পালিয়ে যায় দুর্বত্তরা।
শাহজাহান বাদশা আরো জানান, পরে তার চিৎকারে আশপাশের মানুষজন ছুটে এসে সড়ক থেকে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর স্থানীয় এক ব্যক্তির স্মার্টফোনে নিজের ফেসবুক আইডি লগইন করে ভিডিওর মাধ্যমে পুরো ঘটনার বর্ণনা দেন তিনি।
শাহজাহান বাদশা বলেন, ‘রাতেই ঘটনাটি থানা পুলিশকে জানিয়েছি। ’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘বিষয়টি জেনেছি। ঘটনাটি জয়দেবপুর থানা এলাকায় ঘটেছে। তবে যেহেতু শ্রীপুর এলাকা থেকে গাড়িতে উঠেছিলেন, তাই আমরা নিজ উদ্যোগে বিষয়টি নিয়ে কাজ করছি।’