Home Lead পাঁচ মাসের অচলাবস্থা কাটেনি কুয়েটের: উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা

পাঁচ মাসের অচলাবস্থা কাটেনি কুয়েটের: উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকরা

42


স্টাফ রিপোর্টার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি নিয়ে সংঘর্ষের পাঁচ মাস পার হলেও অচলাবস্থা এখনো কাটেনি। উপাচার্য না থাকায় সংকট আরো দীর্ঘায়িত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রায় সাড়ে সাত হাজার শিক্ষার্থী সেশনজট নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। চরম উদ্বিগ্ন অভিভাবকেরা।
তবে আগের ঘোষণার ভিত্তিতে ২১-২২ ব্যাচের শিক্ষার্থীরা রোববার ক্লাসে ফিরেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘রক্তাক্ত কুয়েট’ নামে একটি পেজে শনিবার এক পোস্টে বলা হয়, ‘সকল জরা-জীর্ণতা ঝেড়ে ফেলে নেতিবাচকতাকে রেড কার্ড দেখিয়ে আমরা সবাই ক্লাসে ফিরি। শিক্ষকেরা আমাদের মঙ্গল কামনা করেছেন, তাঁরা মুখ ফিরিয়ে নিতে পারেন না। তাই ইতিবাচক মনোভাব পোষণ করে ক্লাসে ফেরার সময় এসেছে।’
এদিকে ক্লাস চালুর দাবিতে গার্ডিয়ান ফোরাম ঢাকা থেকে গত বৃহস্পতিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। রোববার কুয়েটের প্রশাসনিক ভবনের সামনে অভিভাবকদের মানববন্ধন করা হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের ৩১৫ নম্বর কক্ষে প্রায় ৫০ জনের মতো শিক্ষার্থী শ্রেণিকক্ষে উপস্থিত ছিলেন । তবে শ্রেণিকক্ষে কোনো শিক্ষক নেই।
২১ ব্যাচের শিক্ষার্থীদের একজন মুনতাকিম ফেরদৌস বলেন, ‘আমাদের আন্দোলনের সময় অনেক শিক্ষক মনোক্ষুণ্ন হয়েছিলেন। আমরা শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছি। এখন আমরা অনেকটা বাধ্য হয়ে ক্লাসে এসেছি। আমাদের শিক্ষাজীবন থেকে পাঁচটা মাস চলে গেছে। সাবেক ভিসিকে অব্যাহতি দেওয়ার আগে সিন্ডিকেটে সিদ্ধান্ত ছিল ৪ মে থেকে ক্লাস শুরু হবে। পরে আর কোনো সিন্ডিকেটে নতুন করে কোনো সিদ্ধান্ত হয়নি যে ক্লাস বন্ধ থাকবে। সে অনুয়াযী আমাদের শিক্ষকদের আইনি কোনো বাধা নেই। তাঁরা কেন ক্লাসে আসছেন না, তা ঠিক বোঝা যাচ্ছে না। আমরা স্যারদের বলছি, আমরা ক্লাসে আসছি, আপনারা সদয় হলে ক্লাস শুরু করেন।’
ক্লাসে থাকা অন্য কয়েকজন শিক্ষার্থী ‘বলেন, ২১ ও ২২ ব্যাচের প্রায় সবাই উপস্থিত। এই দুই ব্যাচের শুধু ক্লাস, অন্য ব্যাচদের পরীক্ষা। ক্লাস শুরু হলে পরীক্ষা শুরু হবে। আমাদের কয়েকজন নিরাপত্তার কারণে ক্যাম্পাসে এখনো আসেননি।’
অপরদিকে রবিবার ২০ জুলাই বেলা ১২টায় কুয়েট প্রশাসনিক ভবনের সামনে কুয়েট গার্ডিয়ান ফোরামের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবকরা, যাঁরা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ বন্ধের কারণে পড়াশোনায় যে চরম বিঘ্ন ঘটছে তা তুলে ধরেন।
মানববন্ধনে বক্তৃতা করেন ডা. মোঃ ফারুক আহমেদ, আব্দুল জলিল, মোহাম্মদ এনায়েত করিম, মকবুল হোসেন, মোহাম্মদ নায়েব আলী, সুশান্ত কুমার পাল, রুবাইয়া হিজাজী ও আয়েশা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, ৫ মাস ধরে কুয়েট বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে। এতে মানসিক চাপ, হতাশা ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে রয়েছে ছাত্রছাত্রীরা। আমরা অভিভাবকরা গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
তারা অবিলম্বে কুয়েট খুলে শিক্ষার্থীদের ক্লাস চালু এবং পূর্বে ঘোষিত ও স্থগিত থাকা পরীক্ষাগুলো গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
এ বিষয়ে কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আবদুল্লাহ ইলিয়াস আক্তার বলেন, ‘আমাদের অভিভাবক ভিসি ছাড়া কোনো সিদ্ধান্ত হবে না। ভিসি এলে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। ক্লাস তো নেওয়া যায়; কিন্তু এটার পর বিশৃঙ্খলা হলে কে সামলাবে। একজন যদি ক্লাস নেন, বাকিরা ক্লাস নেবেন কি না, সেটা কে বলবে? একজন অভিভাবক থাকলে শৃঙ্খলার মধ্যে সবকিছু হয়।