ঢাকা অফিস।।
গোপালগঞ্জে চার নিহতের দাফন ও সৎকারের কাজ ময়নাতদন্ত ছাড়াই সম্পন্ন হয়েছে। এ ঘটনায় কম বেশি কথা শোনা গেছে বিভিন্ন চা স্টলে। গত বৃহস্পতিবার গোপালগঞ্জ জেলা সদরে এনসিপি’র পদযাত্রা ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিপদগামীদের সাথে সংঘর্ষে চার জন নিহত হন। তবে কিভাবে মারা গেছে তা গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যমকে পরিস্কার করেননি। তবে পরিচালক বলছেন, তাদের শরীরে আঘাতের চিহ্ন ছিল।
কোন ঝক্কি ঝামেলা ছাড়াই গতকাল রাতে নিহতদের সমাধিস্থ করার কাজ শেষ করা হয় বলে নিহতদের আত্মীয় স্বজনদের মধ্যে আলোচনা হয়।
তারা গণমাধ্যমকে বলছেন, চার জনের দাফন ও সৎকার সম্পন্ন হয়েছে। ময়না-তদন্ত ছাড়াই বুধবার রাতে এবং বৃহষ্পতিবার সকালে এদের সৎকার ও দাফন সম্পন্ন হয়েছে বলে টুঙ্গিপাড়া ও সদরের গোরস্থান ও শ্মশান সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
উল্লেখ, গত বৃহষ্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে নিশ্চিত করেন, এ পর্যন্ত নিহত ৪ জনকে আইডেন্টিফাই করতে পেরেছি। তাদের ময়নাতদন্ত হয়নি। এটা আইনী প্রক্রিয়ায় আনা হবে।
জানা যায়, নিহতদের মধ্যে পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহাকে (২৫) বুধবার রাতে গোপালগঞ্জ পৌর শ্মশানে সৎকার করা হয়। টাইলস মিস্ত্রির সহকারী রমজান কাজীকে বুধবার রাতে এশার নামাজের পর তার পারিবারিক পছন্দের জায়গায় দাফন সম্পন্ন করা হয়। এছাড়া মোবাইল ফোন ব্যবসায়ী সোহেল রানা ও ক্রোকারিজ দোকানের কর্মচারী ইমন তালুকদারে লাশ বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়েছে।
তবে, তাদের কারও সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়নি কেন তা জানা যায়নি। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে এমনটাই মত প্রকাশ করছেন গোরস্থান ও শ্মানের কর্তব্যরত ব্যক্তিরা। তারা লাশের গায়ে কোনো কাটা ছেঁড়ার চিহ্ন না পেয়ে নিশ্চিত হন যে লাশের ময়না তদন্ত হয়নি।
গুলিবিদ্ধ রমজানের ঢামেকে মৃত্যু:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনায় রমজান মুন্সী (৩২) নামে গুলিবিদ্ধ আরও এক যুবক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুলিবিদ্ধ সুমন বিশ্বাস (৩০) ও আব্বাস আলী (৩০) নামে আরও দুজন বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ নিয়ে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হলো। এর আগে গত বুধবার ঘটনার দিনই চারজন নিহত হন। তারা হলেন- মোবাইল ফোনের যন্ত্রাংশের দোকানি সোহেল মোল্লা (৩৫), পোশাক ব্যবসায়ী দীপ্ত সাহা (২৫), সিরামিক পণ্যের দোকান কর্মচারী ইমন তালুকদার (১৭) ও রাজমিস্ত্রির সহযোগী রমজান কাজী (১৮)।
গুলিবিদ্ধ রমজান মুন্সী গোপালগঞ্জ সদর থানাপাড়া এলাকার মৃত আকবর মুন্সীর ছেলে। তার ভাই হীরা মুন্সী বলেন, আমার ভাই রিকশাচালক। ঘটনার দিন (বুধবার) দুপুরে গোপালগঞ্জ সদর এলাকায় সিনেমা হলের পাশেই রিকশা থেকে যাত্রী নামিয়ে ফেরার পথে সহিংসতার মধ্যে পড়ে এবং গুলিবিদ্ধ হয়।











































