গোপালগঞ্জ প্রতিনিধি।।
সম্প্রতি গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের দেড় হাজার নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে কোটালীপাড়া থানা পুলিশ। উক্ত মামলায় শুক্রবার রাত এগারোটা পর্যন্ত ১২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত দেড় হাজার লোককে আসামি দেখিয়ে মামলাটি দায়ের করেন।
কোটালীপাড়া থানায় এই পর্যন্ত গ্রেপ্তারকৃতরা হলেন, মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), দীপ্ত কাজী (২০), আব্দুল আলিম (১৮), প্রিন্স অধিকারী (১৮), রিফাত বিশ্বাস (২৫), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), সজল দাড়িয়া (৩০), মোরশালিন মুন্সী (২৯), আব্দুল হাকিম (৩৫) ও টুটুল হাওলাদার (২৮)।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ক্ষমতা আইনে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ১৫৫ জনের নাম উল্লেখ করে এবং দেড় হাজার ও অজ্ঞাত আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
উল্লেখ্য, বুধবার এনসিপি নেতাদের গোপালগঞ্জ আসা নিয়ে কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে জড়ো হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ মিছিলের কারণে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মামলা দায়েরের পর থেকে কোটালীপাড়া উপজেলায় গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে উপজেলার অধিকাংশ গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে বলে জানা গেছে।











































