Home Lead গোপালগঞ্জে সংঘর্ষ: পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪৭৫ জনকে আসামি...

গোপালগঞ্জে সংঘর্ষ: পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ৪৭৫ জনকে আসামি করে মামলা

28


গোপালগঞ্জ প্রতিনিধি।।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে সদর থানার পুলিশ পরিদর্শক আহম্মদ আলী বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন। শুক্রবার দুপুর ২টার দিকে সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান বিষয়টি মানবজমিনকে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, এনসিপি’র কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গাড়ি পুড়িয়ে দেয়া, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও সহিংসতা চালানো হয়। এসব ঘটনার পর গোপালগঞ্জে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

গত বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপি’র কেন্দ্রীয় নেতারা সভা শেষে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা করে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরবর্তীতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, যা দিনভর চলতে থাকে। পুরো শহর একপর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়।

পরে বিকাল ৪ টার দিকে এনসিপি’র নেতা আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ অন্যরা সেনাবাহিনীর একটি সাঁজোয়া যানে (এপিসি) গোপালগঞ্জ ত্যাগ করে খুলনায় পৌঁছান।

সহিংসতার ঘটনায় ওইদিনই চারজন নিহত হন। নিহতরা হলেন-কোটালীপাড়ার হরিণাহাটি গ্রামের রমজান কাজী (১৯), থানাপাড়ার সোহেল রানা (৩৫), উদয়ন রোডের দীপ্ত সাহা (৩০), ভেড়ার বাজার এলাকার ইমন তালুকদার (২৪)।

সবশেষ গতকাল বৃস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রিকশাচালক রমজান মুন্সী (৩৫) মারা গেছেন। রমজান মুন্সী গোপালগঞ্জ সদর উপজেলার থানা পাড়া এলাকার বাসিন্দা।

রমজান মুন্সীর ভাই ইমরান মুন্সী মানবজমিনকে বলেন, ‘আমার ভাই রিকশা চালাত। সহিংসতার দিন দুপুর আড়াইটার দিকে রিকশা নিয়ে যাওয়ার সময় তার শরীরে দু’টি গুলি লাগে। পরে ওইদিন গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসা হয়।’

সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত মোট ৩৫ জনকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’কে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের পর রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪ জন কর্মী সমর্থক নিহত হন। পাশাপাশি প্রায় দুই শতাধিক আহত হন।

এ ঘটনার পর প্রথমে স্থানীয় প্রশাসন এদিন বিকালে ১৪৪ ধারা জারি করে। পরে পরিস্থিতি আরো অবনতি হলে রাত ৮ থেকে কারফিউ জারি করা হয়। ওই কারফিউ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট ২২ ঘণ্টা বলবৎ ছিল। পরে কারফিউ আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয় মাঝে তিন ঘণ্টার(১১-২টা) বিরতি দিয়ে।