স্পোর্টস ডেস্ক
বার্সেলোনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি এবার উঠেছে তরুণ প্রতিভা লামিনে ইয়ামালের গায়ে। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো ও লিওনেল মেসি ও আনসু ফাতির পর এই নম্বর এখন ইয়ামালের কাঁধে। বুধবার ক্লাবের সঙ্গে নতুন চুক্তি সইয়ের সময়ই বার্সা সভাপতি জোয়ান লাপোর্তা তার হাতে তুলে দেন ১০ নম্বর জার্সি।
তবে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মেসির ছায়ায় হাঁটতে চান না। ইয়ামালের লক্ষ্য—নিজের মতো করে পথ তৈরি করা।
লা মাসিয়া একাডেমি থেকেই উঠে আসা ইয়ামাল এরই মধ্যে ক্লাব এবং জাতীয় দলের হয়ে দারুণ পারফরম্যান্সে নজর কেড়েছেন। মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার হয়ে অভিষেক করার পর থেকে নিয়মিত উন্নতি করেছেন। ইতিমধ্যে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয়ের স্বাদ পেয়েছেন।
নতুন জার্সি হাতে নিয়ে ইয়ামাল বলেন, ‘মেসি ১০ নম্বর জার্সিতে নিজের ইতিহাস লিখেছে। আমি চাই নিজের পরিচয়ে পথ গড়তে। ম্যারাডোনা, রোনালদিনহো, মেসি—তারা সবাই কিংবদন্তি। তাদের উত্তরাধিকার বহন করা আমার জন্য গর্বের। বার্সেলোনার হয়ে খেলাই ছিল আমার স্বপ্ন, আর এখন ১০ নম্বর জার্সি পেয়েছি—এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে?’
এই নতুন চুক্তি অনুযায়ী, ইয়ামাল বার্সেলোনায় থাকবেন অন্তত ২০৩১ সাল পর্যন্ত।
বার্সেলোনা কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে, ইয়ামালকে তারা ভবিষ্যতের মূল ভরসা হিসেবে গড়ে তুলতে চায়। আর ১০ নম্বর জার্সি তুলে দিয়ে সেই বার্তাই আরও জোরালোভাবে দিয়েছে কাতালান ক্লাবটি।











































