স্পোর্টস ডেস্ক
রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ফুটবলার লুকাস ভাসকেস বৃহস্পতিবার ক্লাবের সঙ্গে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তার শৈশবের ক্লাবকে বিদায় জানিয়েছেন। ৩৪ বছর বয়সী এই তারকার চুক্তির মেয়াদ শেষ এবং তিনি এখন প্রথমবারের মতো একজন ফ্রি এজেন্ট।
এর আগে ভাসকেস ২০০৭ সালে মাত্র ১৬ বছর বয়সে রিয়াল মাদ্রিদের যুব দলে যোগ দেন এবং ধাপে ধাপে উন্নতি করে কাস্তিয়া দলে জায়গা করে নেন। পরে এক মৌসুমের জন্য এসপানিওলে ধারে খেলতে যান। সেখান থেকে রিয়াল মাদ্রিদ তাকে আবার দলে ফেরায়। এরপর প্রায় এক দশক ধরে তিনি দলের গুরুত্বপূর্ণ বিকল্প খেলোয়াড় হিসেবে সময় কাটান—প্রথমে ডান উইংয়ে, পরে ডান দিকের রক্ষণে খেলতে শুরু করেন।
স্পেনের জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচ খেলা ভাসকেস রিয়ালের হয়ে মোট ৪০২টি ম্যাচে মাঠে নামেন। তিনি ক্লাবের হয়ে ৩৮টি গোল করেছেন এবং ৭৩টি গোলে সহায়তা দিয়েছেন। সবচেয়ে স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে রয়েছে ২০১৬ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সফলভাবে একটি পেনাল্টি নেওয়া এবং গত মৌসুমে বার্সেলোনার বিপক্ষে ৩-২ ব্যবধানের জয়ে গোল ও অ্যাসিস্ট করার কীর্তি।
ভাসকেস রিয়ালের হয়ে চারটি লা লিগা, পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, একটি কোপা দেল রে এবং আরও ১২টি সুপার কাপসহ মোট ২২টি শিরোপা জিতেছেন।











































