Home জাতীয় গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৪: এলাকা থমথমে

গোপালগঞ্জের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ১৪: এলাকা থমথমে

14


গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)র জুলাই পদযাত্রা কর্মসূচিকে ঘিরে গতকাল বুধবার গোপালগঞ্জে দিনভর উত্তেজনা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর পর্যন্ত কোনও মামলা হয়নি। মামলা না হলেও এ পর্যন্ত যৌথ বাহিনী ১৪ জনকে আটক করেছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো: সাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপালগঞ্জে গতকালের সংঘাতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় সদর থানায় মোট ১৪ জন আটক আছে। গতকাল রাত ৩টার দিকে যৌথ বাহিনী তাদের থানায় হস্তান্তর করে। অভিযান অব্যাহত রয়েছে।
গোপালগঞ্জে চলছে ২২ ঘণ্টার কারফিউ। থমথমে পরিস্থিতি বিরাজ করছে জেলাটিতে। প্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন মানুষ; তবে সে সংখ্যা খুবই সীমিত। গতকাল বুধবার রাত থেকে চলছে কারফিউ। কারফিউ এর কারণে বন্ধ করে দেয়া হয়েছে উচ্চমাধ্যমিক ও সমমান সকল পরীক্ষা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জ শহর ঘুরে দেখা যায়, গোটা শহর জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছেন। তবে দুপুরের পর থেকে শহরের বিভিন্ন সড়ক ও বাজারে লোকজনের উপস্থিতি বেড়েছে। সড়কের ওপর থেকে ইট, বাঁশ ও কাঠের টুকরা সরাচ্ছেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।
এখন পর্যন্ত শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। তবে বিভিন্ন মোড়ে চায়ের দোকান ও রেস্তোরাঁ খোলা হয়েছে। সেখানে মানুষের জটলা দেখা যায়। কাঁচাবাজার এলাকায় রাস্তার পাশে বেশকিছু ফলের দোকানে লোকজন ছিলেন। এদিকে, কারফিউয়ের কারণে জেলায় অভ্যন্তরীণ সকল রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে গতকাল বুধবার দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
গতকাল (১৬ জুলাই) রাত ৮ টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান গোটা জেলায় ১৪৪ ধারা জারি করেন। এরপর থেকে কারফিউ শুরু হয়। সেটি বলবৎ থাকবে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে উক্ত সময় আরো বাড়তে পারে।