স্টাফ রিপোর্টার।।
সম্প্রতি কণ্ঠশিল্পী কোনাল একটি ছবির সঙ্গে ‘ময়না’ লিখে একটি পোস্ট দেন। পোস্টটি পরে শেয়ার করেন জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল, কলকাতার সুরকার-সংগীত পরিচালক আকাশ সেন এবং ঢাকার কণ্ঠশিল্পী নিলয় ডি রকস্টার। ছবির ক্যাপশনে প্রশ্ন ছিল- কোনালই কি ময়না? যেহেতু গানের মানুষরা সম্পৃক্ত ফলে অনেকেই বুঝে নেন, এটি নতুন কোনো গানের প্রচারণা। এবার জানা গেল, ‘ময়না’ নামের একটি গানের প্রচারণা এটি। গানচিলের ব্যানারে নির্মিত হচ্ছে ১০ গানের একটি বিশেষ প্রজেক্ট ‘ড্যান্স নাম্বার গান’।
সেই প্রজেক্টের প্রথম গান হিসেবে ২৪শে জুলাই ইউটিউবে প্রকাশ পাবে ‘ময়না’। গানটি লিখেছেন আসিফ ইকবাল। তার ভাষ্য, এটি মূলত ফার্স্ট লাভবার্ড সং অব বাংলাদেশ। অর্থাৎ ময়না হচ্ছে ভালোবাসার পাখির নাম। সে বিষয়টিই গানে এসেছে। গানটির সুর ও সংগীত করেছেন আকাশ সেন। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই শিল্পী- কোনাল ও নিলয় ডি রকস্টার। কোনাল বলেন, আমি, আসিফ ইকবাল ও আকাশ সেন- একসঙ্গে অনেক গান করেছি, যেগুলো দারুণ হিট হয়েছিল। আমাদের ‘ও প্রিয়তমা’ গান তো এখনো মানুষের মুখে মুখে। এবারো দারুণ আয়োজনে ‘ময়না’ গানে কণ্ঠ দিয়েছি। আমার বিশ্বাস, এটি শ্রোতাদের মনে জায়গা করে নেবে।











































