স্পোর্টস ডেস্ক
কয়েকদিন পরই শুরু হচ্ছে বাংলাদেশ–পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের এই সিরিজ খেলবে দুই দল। আজ সিরিজ উপলক্ষেটিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষণা অনুযায়ী, সর্বনিম্ন ৩০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে পারবেন দর্শকেরা, ৪০০ টাকায় পাওয়া যাবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিট। এ ছাড়া ক্লাব হাউসে ৮০০, ইন্টারন্যানশাল গ্যালারিতে ১৫০০ ও গ্র্যান্ড স্ট্যান্ডে ২৫০০ টাকায় দেখা যাবে খেলা। সর্বোচ্চ ৩ হাজার ৫০০ টাকায় ইন্টারন্যাশনাল লাউঞ্জে (করপোরেট বক্স) খেলা দেখা যাবে।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সব টিকিটই কিনতে হবে অনলাইনে। ‘গোবিসিবিটিকিট.কম.বিডি’ ওয়েবসাইট রেজিস্ট্রেশন করে টিকিট কিনতে পারবেন দর্শকেরা। একই নামে একটি অ্যাপও আছে। একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ৪টি টিকিট কাটা যাবে। তবে অনলাইনে অবিক্রিত টিকিট ম্যাচের দিন সকাল থেকে স্টেডিয়ামের সামনের দুটি বুথে পাওয়া যাবে। ১০০ টিকিট বিনা মূল্যে পাবেন জুলাই আন্দোলনের আহত ব্যক্তিরা।
এছাড়া নানা দেন-দরবার শেষে বাংলাদেশ–পাকিস্তান সিরিজের সম্প্রচারও নিশ্চিত করা হয়েছে। সরাসরি নাগরিক টিভি ও টি–স্পোর্টসে ম্যাচগুলো দেখা যাবে।
প্রসঙ্গত, আগামী ২০ জুলাই শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। পরের দুইটি ম্যাচ ২২ ও ২৪ জুলাই। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলোই ম্যাচই সন্ধ্যা ছয়টায় শুরু হবে।











































