Home জাতীয় সোহাগ খুনে সারাদেশে নজরদারিতে ১৩ জন

সোহাগ খুনে সারাদেশে নজরদারিতে ১৩ জন

16


ঢাকা অফিস।।

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, এ মামলার এজাহারনামীয় ৭ নম্বর আসামি সজিব ব্যাপারী ও ১০ নম্বর আসামি রাজিব ব্যাপারী। গতকাল রবিবার ভোর সাড়ে ৪টার দিকে পৃথক অভিযান চালিয়ে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার চায়না মোড় এলাকা থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ নিয়ে সোহাগ হত্যায় সাতজন গ্রেপ্তার হলেন। এর আগে সোহাগ হত্যার ঘটনায় থানা পুলিশ তিনজন (মাহমুদুল হাসান মহিন, তারেক রহমান রবিন ও মো. টিটন গাজী) এবং র?্যাব দুইজনকে (আলমগীর ও মনির ওরফে ছোট মনির) গ্রেপ্তার করে।


এদিকে সোহাগ হত্যার বিচার চেয়ে গতকালও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ‘শাটডাউন’ ঘোষণা করেছেন সেখানকার শিক্ষার্থীরা। অন্যদিকে ডিএমপি জানিয়েছে- খুনিরা যে দলেরই হোক, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে; এই মর্মান্তিক হত্যাকা- নিয়ে অপতথ্য না ছড়ানোর আহ্বানও জানিয়েছে ডিএমপি।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোহাগ হত্যাকা-ের প্রাপ্ত ভিডিও ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আরও ১৩ জনকে নজরদারিতে রাখা হয়েছে। বর্তমানে তাদের অবস্থান রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। এর মধ্যে দুইজন সীমান্তবর্তী এলাকায় রয়েছেন। ঘটনার পর আত্মগোপনের শেল্টার চেয়ে এক বড় ভাইয়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন এক খুনি। ওই বড় ভাইও নজরদারিতে রয়েছেন। দ্রুত সময়ের মধ্যে সোহাগ হত্যাকা-ে জড়িত ও খুনিদের ইন্ধনদাতা সবাইকেই আইনের আওতায় আনতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে।

এদিকে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিচারিক কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন। রিটে হত্যাকা-ে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করতে নির্দেশনা চাওয়া হয়েছে। বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার রিটের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তার মো. আলমগীর ও মনির ওরফে লম্বা মনিরকে ৪ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত তাদের রিমান্ডের এ আদেশ দেন। গতকাল তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এদিকে গত শনিবার টিটন গাজী নামে এক আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালত। অপরদিকে এ ঘটনায় পুলিশের করা অস্ত্র মামলায় তারেক রহমান রবিন নামে এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিন টিটন গাজীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক নাসির উদ্দিন। সেই আবেদনের শুনানি শেষে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে দুই দিনের রিমান্ড শেষে রবিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মো. মনির। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এর পর তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে গত ১০ জুলাই হত্যা মামলায় মাহমুদুল হাসান মহিনের পাঁচ দিন ও অস্ত্র মামলায় রবিনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নিহত সোহাগের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন গত বৃহস্পতিবার। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫ থেকে ২০ জনকে। অন্যদিকে অস্ত্র মামলা দায়ের করে পুলিশ।

ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুরে অভিযান চালিয়ে রবিবার ভোরে সহোদর সজিব ও রাজিবকে গ্রেপ্তার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন জানান, ভাঙাড়ি ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সোহাগের সঙ্গে একই এলাকার তারই পরিচিত কয়েকজনের বিরোধ চলছিল। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় বলে এখন পর্যন্ত তদন্তে উঠে এসেছে। নৃশংস এই হত্যা মামলায় সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে এ পর্যন্ত ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে নজরদারিতে রাখা হয়েছে। খুব শিগগিরই এই মামলার চার্জশিট দেওয়া হবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মিটফোর্ড এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগের খুনিরা যে দলেরই হোক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না। হত্যাকা-ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে মূল অভিযুক্ত মাহমুদুল হাসান মহিনকে হেফাজতে নেওয়া হয় এবং তার দেওয়া তথ্যে অপর অভিযুক্ত তারেক রহমান রবিনকেও গ্রেপ্তার করা হয়। তদন্তে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, যা অপরাপর জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক হচ্ছে। দুঃখজনকভাবে সামাজিক মাধ্যমে পুলিশের তৎপরতা নিয়ে কিছু বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে, যা তদন্তকে বাধাগ্রস্ত করতে পারে। এটি মোটেই কাম্য নয়। সবাইকে এ ধরনের অপপ্রচারে যুক্ত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্তে পুলিশ কাজ করে যাচ্ছে। খুনিরা যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেক অপরাধীকেই আইনের আওতায় আনা হবে। মর্মান্তিক ঘটনাটি সম্পর্কে কোনোরূপ অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য এবং মামলার সুষ্ঠু তদন্তে পুলিশের ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানায় ডিএমপি।

এদিকে ব্যবসায়ী হত্যাকা-ের প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন। একই সঙ্গে সারাদেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষজনও একাত্মতা প্রকাশ করেছেন। রাজধানীর ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নিরাপত্তাহীনতা এবং সাম্প্রতিক হত্যাকা-ের প্রতিবাদে গতকাল ‘শাটডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে মেডিক্যাল কলেজ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা করেন। তাদের দাবিগুলো হলো- বহিরাগতদের হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে প্রবেশ বন্ধ রাখতে হবে; হাসপাতালসংলগ্ন ফুটপাতের দোকান উচ্ছেদ করতে হবে; আনসার সদস্যদের উপস্থিতি ও কার্যকারিতা বাড়াতে হবে; সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা বলেন, রোগী চিকিৎসা নিতে এসে নিরাপত্তাহীনতায় ভুগবে, আর আমরা ক্লাস করতে এসে আতঙ্কে থাকব- এটা হতে পারে না। আমরা চাই দ্রুত পদক্ষেপ, না হলে শাটডাউন চলবে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকা-ের মূল পরিকল্পনাকারী এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে শাটডাউন কর্মসূচি কঠোরভাবে চালিয়ে যাবেন বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়।