Home জাতীয় পদ্মা সেতুর টোলপ্লাজায় বিক্ষোভ, ৪০ মিনিট যান চলাচল বন্ধ

পদ্মা সেতুর টোলপ্লাজায় বিক্ষোভ, ৪০ মিনিট যান চলাচল বন্ধ

10


খুলনাঞ্চল রিপোর্ট
ঢাকার যাত্রাবাড়ী এলাকায় চাঁদা দাবি এবং শরীয়তপুরের বাস চলাচলে বাধা, শ্রমিকদের ওপর হামলা ও বাস ভাঙচুরের ঘটনার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টা থেকে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোলপ্লাজার সামনে এ কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি ও শরীয়তপুরের সর্বস্তরের জনগণ।
এই কর্মসূচির কারণে ৪০ মিনিট টোলপ্লাজায় যান চলাচল বন্ধ থাকে এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মিটফোর্ড হত্যাকাণ্ড, গোসাইরহাটে শিক্ষার্থীদের ওপর হামলা, যাত্রাবাড়ীতে বাস ভাঙচুর, এসবের মাধ্যমে রাজনীতির ছত্রছায়ায় চাঁদাবাজি, দখলদারি, হামলা ও খুনের রাজত্ব চলছে। জনগণের ঘাড়ে এই অন্যায় চাপিয়ে দিতে দেওয়া হবে না।
শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের অভিযোগ, যাত্রাবাড়ীর এক নেতা দীর্ঘদিন ধরে বাসচালক ও মালিকদের কাছ থেকে প্রতি মাসে চাঁদা আদায় করে আসছেন। সম্প্রতি তিনি এককালীন ৫০ লাখ টাকা চাঁদা এবং অতিরিক্ত ১০টি বাসের জায়গা দাবি করেন।
মালিকপক্ষ অস্বীকৃতি জানালে গত ৯ জুলাই থেকে যাত্রাবাড়ীতে শরীয়তপুরের বাস চলাচলে বাধা দেওয়া হয়। ৯ জুলাই ধোলাইপাড় এলাকায় একটি বাস ভাঙচুর, ১০ জুলাই ভোরে গোমতি ফিলিং স্টেশনের সামনে আরো দুইটি বাসে হামলা এবং ১১ জুলাই এক শ্রমিককে মারধরের ঘটনা ঘটে। এ পর্যন্ত ১০টি বাস ভাঙচুর ও ১২ জন শ্রমিক আহত হয়েছেন বলে মালিক ও শ্রমিক নেতারা জানিয়েছেন।
অভিযোগ প্রসঙ্গে মুশফিকুর রহমান ফাহিম মুঠোফোনে বলেন, ‘আমাদের দুটি পরিবহন আছে। শরীয়তপুরের বাসগুলো আমাদের পরিবহনকে বাধা দিচ্ছে। উল্টো আমাকে চাঁদাবাজ বলা হচ্ছে। সব অভিযোগ মিথ্যা। আমি চাঁদা চেয়েছি যদি এমন কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে আমি নিজে আইনের সঠিক প্রয়োগ চাই আমার বিরুদ্ধে।’