স্টাফ রিপোর্টার
খুলনার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে তার বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মামলাটি দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী তদন্ত করছেন। তিনি জানিয়েছেন, আপাতত হত্যার কারণ বলা যাচ্ছে না। পুলিশের দুটি ও ডিবির একটি অর্থাৎ মোট তিনটি টিম রহস্য উদঘাটনের চেষ্টা করছে বলেও তিনি জানান।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী দুটি মামলার জের, দলীয় কোন্দল, স্থানীয় প্রভাব-প্রতিপত্তি, মাদক ও চরমপন্থী কানেকশন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েটে হামলাসহ সাতটি বিষয়কে সামনে রেখেই পুলিশি তদন্ত চলছে।’
এদিকে, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিন কিলারকে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্ত করেছে পুলিশ। এখন তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে পারলেই বের হবে রহস্য—এমন আশা পুলিশের। এজন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। তবে শনিবার (১২ জুলাই) সন্ধ্যা পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
প্রসঙ্গত, গত ১১ জুলাই দুপুর দেড়টার দিকে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার নিজ বাড়ির সামনে মোটরসাইকেলযোগে আসা তিন অস্ত্রধারী মাহবুবকে প্রথমে গুলি করে ও পরে দু’পায়ের রগ কেটে হত্যা করে। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে শুক্রবার বিকেলে ময়নাতদন্ত শেষে রাতেই পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
নিহত মাহবুবের স্ত্রী এ্যারিন সুলতানা বলেন, ‘আমার স্বামী সবাইকে বিশ্বাস করতেন। ঘটনার কিছুদিন আগে থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হতো। সম্প্রতি বাড়ি এসেও একটা গ্রুপ তাকে হুমকি দিয়ে গেছে।
কিন্তু তিনি বলতেন, আমি কারও ক্ষতি করিনি, সুতরাং আমারও ক্ষতি কেউ করবে না। এরপরও ওরা আমার স্বামীকে বাঁচতে দিল না।’











































