স্পোর্টস ডেস্ক
রাধিকা যাদব এগিয়ে যাচ্ছিলেন। ধরেছিলেন পরিবারের হালও। কিন্তু প্রতিবেশীদের কটূক্তি সইতে না পেরে বাবা তাকে থামিয়ে দিলেন মাত্র ২৫ বছর বয়সেই!
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, ভারতের রাজ্য পর্যায়ের এই ২৫ বছর বয়সী টেনিস খেলোয়াড় রাধিকা ডাবলসে ধীরে ধীরে আন্তর্জাতিক র্যাাঙ্কিংয়ে উঠে আসছিলেন। তিনি নিজে একটি টেনিস একাডেমি পরিচালনা করতেন। সমাজের উচ্চপর্যায়ের অনেকে ব্যক্তিগতভাবে কোচিংও করাতেন। কিন্তু পুলিশ ও গুরগাঁওয়ের স্থানীয় অধিবাসীদের মতে, মেয়ের এমন এগিয়ে যাওয়ায় তার বাবা ৫৪ বছর বয়সী দীপক যাদবকে সমাজের কটু কথা হজম করতে হচ্ছিল। মেয়ের আয়ের ওপর নির্ভরশীল তিনি, এমন সব কথা শুনতে হচ্ছিল রাধিকার বাবা দীপককে। আর এতেই তা মেয়ের জন্য কাল হয়ে দাঁড়ায়।
হরিয়ানার গুরগাঁও জেলার সুশান্ত লোক-টু এলাকায় পরিবার নিয়ে বসবাস দীপকের। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের লাইসেন্স করা রিভলবার দিয়ে তিনি পাঁচটি গুলি করেন মেয়ে রাধিকাকে। তিনটি গুলিবিদ্ধ হয়ে রাধিকা মারা যান। পুলিশ জানায়, বুলেট বিদ্ধ হয়ে এক তরুণীর মৃত্যুর খবর একটি বেসরকারি হাসপাতাল তাদের জানায় বেলা সাড়ে ১১টার দিকে। পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে নিহতের চাচা কুলদীপকে পায়। সেখানে নিহতের বাবা-মা ছিলেন না। এরপর পুলিশ যায় ঘটনাস্থলে।
এ বিষয়ে মারফত ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটির বাবা দীপককে পায়। সংবাদমাধ্যমটিকে পুলিশ জানিয়েছে, দীপক তাদের বলেছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ের যে টেনিস খেলোয়াড়কে গুলি করেছেন, সে তার মেয়ে।’ পুলিশ এরপর তাঁর লাইসেন্স করা পয়েন্ট ৩২ বোরের রিভলবারটি জব্দ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটির বাবাকেও আটক করে। পরে সেদিন সন্ধ্যায় রাধিকার বাবাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে পুলিশ স্টেশনের হাউস অফিসার ইন্সপেক্টর বিনোদ কুমার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘তিনি (দীপক) বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন। কারণ মেয়ের আয়ের ওপর নির্ভর করে চলছিলেন তিনি। এতে তার এলাকাবাসীর কটূক্তি শুনতে হচ্ছিল। এসব নিয়ে তিনি খুব মানসিক যন্ত্রণায় ছিলেন। গত ১৫ দিন এসব নিয়ে প্রচণ্ড মানসিক চাপে ভোগার পর এমন ভয়ংকর পদক্ষেপ নেন দীপক।
২০০০ সালের ২৩ মার্চ জন্ম নেয়া রাধিকা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন টেনিস টুর্নামেন্টে অংশ নেন। অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের (এআইটিএ) রেকর্ড অনুযায়ী, মেয়েদের অনূর্ধ্ব-১৮ পর্যায়ে ক্যারিয়ার–সেরা ৭৫তম র্যায়ঙ্কিংয়ে উঠেছিলেন রাধিকা। ডাবলসে র্যা ঙ্কিংয়ে ছিলেন ৫৩তম এবং সিঙ্গেলসে ৩৫তম। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) অঙ্গনেও সক্রিয় ছিলেন রাধিকা, যেখানে তিনি র্যা ঙ্কিংয়ে ১১৩তম। তবে ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, দুই বছর আগে পাওয়া চোটের কারণে প্রতিযোগিতামূলক টেনিস থেকে রাধিকা সরে দাঁড়ান।











































