Home বিনোদন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান

চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসান

19


বিনোদন ডেস্ক।।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তরণ প্রজন্মের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’র পরিচালক রাকিব হাসান। পেটে ইনফেকশন থাকায় চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন রাকিব হাসানের ভাই এবং ফ্যামিলি এন্টারটেইনমেন্টের অভিনেতা খায়রুল ইসলাম।


গত ৫ জুলাই সোশ্যাল মিডিয়া ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানের অসুস্থতা নিয়ে একটি পোস্ট দেন খায়রুল ইসলাম। সেখানে দেখা যায়, অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন রাকিব ও তার ভাগ্নে সাকিব। দু’জনের হাতেই ক্যানোলা করা এবং স্যালাইন চলছে।

খায়রুল ইসলাম ক্যাপশনে লেখেন, ‘কিছুদিন যাবত রাকিব ভাই এবং সাকিব দুইজনই পেটব্যথ্যয় ভুগতেছিলেন। বিষয়টা গ্যাসের ব্যথা মনে করে এড়িয়ে গেলেও হঠাৎ দুইজনেরই ভয়ানক পেটব্যথা শুরু হয়। এই অবস্থায় দুইজনকে রাত ১টায় খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।’

তিনি আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ, এখন তারা দুইজনই কিছুটা সুস্থ আছেন। তবে পেটের ভেতর ইনফেকশন থাকার কারণে তাদেরকে কর্তব্যরত চিকিৎসকরা গভীর পর্যবেক্ষণে রেখেছেন। সবাই দোয়া করবেন, যেন তাদেরকে আল্লাহ পাক দ্রুত শিফা দান করেন।’

প্রসঙ্গত, ২০১৮ সালে ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইউটিউবে ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’ চ্যানেল দিয়ে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যাত্রা শুরু করেন রাকিব হাসান। বাস্তব জীবনের ছোট ছোট বিভিন্ন ঘটনাকে হাস্যরসভাবে উপস্থাপন করে অল্প সময়ের মধ্যেই সবার পরিচিতি লাভ করেন। কনটেন্ট ক্রিয়েটরের পাশাপাশি লেখক হিসেবেও পরিচিতি রয়েছে তার।