স্পোর্টস ডেস্ক
কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, আগস্টের নির্ধারিত সফরে বাংলাদেশে আসছে না ভারতীয় ক্রিকেট দল। সত্যি হলো সেটিই। আগামী মাসে বাংলাদেশ সফরে আসছেন না বিরাট কোহলি-রোহিত শর্মারা।
যদিও পুরোপুরি বাতিল হয়ে যায়নি দুই দলের দ্বিপক্ষীয় সিরিজ। ১৩ মাস পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে হবে ভারতের এই সফর। আজ শনিবার যৌথ বিবৃতিতে এই তথ্য জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আগামী মাসে ভারত কেন আসছে না, সেটি সম্পর্কে সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবি ও বিসিসিআই সাদা বলের সিরিজ দুটি স্থগিত করতে সম্মত হয়েছে।’
আগামী মাসে অর্থাৎ, আগস্টের ১৭ থেকে ৩১ তারিখের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের। মিরপুরে ১৭ আগস্ট ছিল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।











































