Home খেলাধুলা নেতৃত্বে টানা দ্বিতীয় সেঞ্চুরিতে গিল, ভারতের দাপুটে শুরু

নেতৃত্বে টানা দ্বিতীয় সেঞ্চুরিতে গিল, ভারতের দাপুটে শুরু

10


স্পোর্টস ডেস্ক

টেস্ট অধিনায়কত্বে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে দারুণ উদাহরণ স্থাপন করলেন শুভমান গিল। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও দুর্দান্ত ইনিংস খেলেছেন যশস্বী জয়সওয়াল। এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে সুবিধাজনক অবস্থানে ভারত — স্কোরবোর্ডে ৫ উইকেটে ৩১০ রান।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিল ভারত। গিল অপরাজিত ১১৪ রানে খেলছেন, ইনিংসটি সাজানো ১২টি চার দিয়ে। অধিনায়ক হিসেবে টেস্টে প্রথম দুই ম্যাচেই সেঞ্চুরি করা ভারতের চতুর্থ ব্যাটার হলেন তিনি — এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন বিজয় হাজারে, সুনীল গাভাস্কার ও বিরাট কোহলি।

গিলের সঙ্গে ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৪১ রান নিয়ে মাঠ ছেড়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তার আগে ওপেনার জয়সওয়াল খেলেছেন ১০৭ বলে ৮৭ রানের দারুণ ইনিংস, যাতে ছিল ১৩টি চারের মার। তবে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে বাজে শটে উইকেট বিলিয়ে দেন তিনি — অফ স্টাম্পের বাইরের বলে কিপারের হাতে ক্যাচ দেন বেন স্টোকসের বোলিংয়ে। ইনিংসের শুরুতে স্টোকসের সঙ্গে কথার লড়াইয়েও জড়িয়েছিলেন জয়সওয়াল।

৩৯ ইনিংসে ১,৯৯০ রান তুলে জয়সওয়াল এখন ভারতের দ্রুততম ২ হাজার রানের রেকর্ড ছোঁয়ার দ্বারপ্রান্তে। পরের ইনিংসে ১০ রান করতে পারলেই রাহুল দ্রাবিড় ও ভিরেন্দর শেবাগের রেকর্ড ছুঁয়ে ফেলবেন তিনি — যারা ৪০ ইনিংসে পৌঁছেছিলেন এই মাইলফলকে।

প্রথম সেশনে ভারত হারায় ২ উইকেট। ওকসের দুর্দান্ত শুরুর স্পেলে (৭-৪-১৫-১) বোল্ড হয়ে ফেরেন লোকেশ রাহুল। এরপর কারুন নায়ারকে নিয়ে ৯০ বলে ৮০ রানের জুটি গড়েন জয়সওয়াল। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি কারুন — ৫০ বলে ৩১ রানে আউট হন ব্রাইডন কার্সের বাড়তি বাউন্সে।

প্রথম টেস্টে সেঞ্চুরি পাওয়া রিশাভ পান্ত এবার ২৫ রানে থেমে যান, শোয়েব বাশিরের বলে বড় শট খেলতে গিয়ে লং-অনে ধরা পড়েন। এরপর নিতিশ কুমার রেড্ডিকে শূন্যতে ফিরিয়ে দ্বিতীয় সাফল্য পান ওকস।

ভারতীয় একাদশে ছিল তিনটি পরিবর্তন — বিশ্রামে আছেন বুমরাহ, জায়গা পেয়েছেন আকাশ দিপ। বাদ পড়েছেন সাই সুদার্শন ও শার্দুল ঠাকুর, সুযোগ পেয়েছেন নিতিশ রেড্ডি ও ওয়াশিংটন সুন্দার।

দিনের শেষে গিল ও জাদেজার দৃঢ়তায় আর কোনো বিপর্যয় ঘটেনি। ধৈর্যের পরীক্ষা দিয়ে ১৯৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন গিল, যা দলের জন্য বড় প্রাপ্তি।

এজবাস্টনে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে ভারতের সংগ্রহ: ৫ উইকেটে ৩১০।