Home জাতীয় হল ছাড়বে না শিক্ষার্থীরা, আন্দোলনের মুখে ঢামেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

হল ছাড়বে না শিক্ষার্থীরা, আন্দোলনের মুখে ঢামেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

21

ঢাকা অফিস
ঢাকা মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার থেকে কলেজটির এমবিবিএস ছাত্র/ছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এবং শিক্ষার্থীদের আগামীকাল দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে হবে। তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরা এর আওতামুক্ত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেশ কিছু দিন ধরে নিরাপদ ক্যাম্পাস, আবাসনসহ পাঁচ দাবিতে আন্দোলন করে আসছিল ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এ ঘোষণা দিলো কর্তৃপক্ষ।
ওদিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) কর্তৃপক্ষের ঘোষণার পরও হল ত্যাগ কিংবা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসেননি শিক্ষার্থীরা। তারা ঘোষণা দিয়েছেন, কলেজ প্রশাসনের একতরফা সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি চালিয়ে যাবেন এবং হল ত্যাগ করবেন না।
শনিবার সন্ধ্যায় ঢামেক কর্তৃপক্ষের অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশের পরিপ্রেক্ষিতে এক প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা এসব তথ্য জানান।
তৌহিদুল আবেদীন তানভীর নামের এক শিক্ষার্থী বলেন, ‘মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হল ত্যাগ করছি না।
আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে একাডেমিক কার্যক্রম বন্ধ করে হল থেকে বের করে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা আমাদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়েছি, এটি অন্যায় নয়।’
তিনি আরো বলেন, ‘পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি থাকলেও সেটার বিকল্প ব্যবস্থা না করে উল্টো আন্দোলন দমন করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আমরা মানব না।
এর আগে সকাল থেকে পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও মিছিল করেন শিক্ষার্থীরা। এরপর বিকেলে কলেজ প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে ২২ জুন দুপুর ১২টার মধ্যে সব ছাত্রছাত্রীকে হল ত্যাগের নির্দেশ দেয়।