ঢাকা অফিস
দেশের ওপর মৌসুমি বায়ুর সক্রিয়তা আজ শনিবার কমেছে। এতে বৃষ্টিপাতও কমেছে। আগামী অন্তত মঙ্গলবার পর্যন্ত দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও পরিমাণ কম থাকবে। এ সময় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। বৃষ্টি কমায় সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা শনিবার (২১ জুন) এই পূর্বাভাস দিয়েছেন। তারা বলছেন, দেশে যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হয়, তা কিছু দিন ধরে সক্রিয় ছিল। এতে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত আষাঢ়ের বৃষ্টিও হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘মৌসুমি বায়ুর সক্রিয়তা কমায় বৃষ্টি অনেকটা কমেছে। আগামী অন্তত ২৪ জুন (মঙ্গলবার) পর্যন্ত বৃষ্টি কম থাকতে পারে। তবে আগামীকাল রবিবার থেকে দু-তিন দিন দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে। কমতে পারে দক্ষিণে। ২৫ জুন থেকে আবার সারা দেশে বৃষ্টি বাড়তে পারে।’
ওমর ফারুক জানান, বৃষ্টি কমার সম্ভাবনা থাকায় দু-তিন দিন তাপমাত্রাও বাড়তে পারে। দেশের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসও পার হতে পারে। ফলে কিছু অঞ্চলে বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ পরস্থিতি দেখা যেতে পারে।
দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে ৩৯টিতে শনিবার বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে নোয়াখালীর হাতিয়ায়, ১২৩ মিলিমিটার। এ ছাড়া কক্সবাজারের টেকনাফে ৮১ মিলিমিটার, ফেনীতে ৭৬ মিলিমিটার এবং লক্ষ্মীপুরের রামগতিতে ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঢাকায় এ সময় ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আজ। প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।
আবহাওয়া অফিস বলছে, বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার থেকে আবার সারা দেশে বৃষ্টিপাতের ব্যাপ্তি ও তীব্রতা বাড়তে পারে। তবে আগামী কিছুদিন বৃষ্টি কিছুটা কম থাকলেও পুরোপুরি বন্ধ হবে না। বর্ষাকাল হওয়ায় বিভিন্ন অঞ্চলে কমবেশি বৃষ্টি থাকতে পারে মাসজুড়ে।











































